Tuesday, September 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতর্পণ সামাজিক সংস্থার উদ্যোগে খোয়াইতে পালিত হয় প্রয়াত ভূপেন দত্ত ভৌমিক এর...

তর্পণ সামাজিক সংস্থার উদ্যোগে খোয়াইতে পালিত হয় প্রয়াত ভূপেন দত্ত ভৌমিক এর ২৯ তম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শে সেপ্টেম্বর..…দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সংবাদসূর্য্য প্রয়াত ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের ২৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সোমবার খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর সি হলে তর্পণ সামাজিক সংস্থার উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন সন্ধ্যা ৭টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত দৈনিক সংবাদের সম্পাদককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তর্পণ সামাজিক সংস্থার সম্পাদক দীপাঞ্জন ভট্টাচার্য। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কবি সৌরপ্রতিম শর্মা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সম্পাদক ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের জ্যেষ্ঠ পুত্র বিরাট দত্ত ভৌমিক। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন তর্পণ সামাজিক সংস্থার সভাপতি প্রিয়তোষ ঘোষ, বিধায়ক নির্মল বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী বিনয় দেববর্মা ,এস সি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরিও এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর একটি গাছে জল সিঞ্চন করে অবশেষে প্রয়াত দত্ত ভৌমিক এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।এর পর আলোচনা করতে গিয়ে
বক্তারা বলেন, ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক শুধু একজন সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন না, একাধারে তিনি ছিলেন ত্রিপুরার সাংবাদিকতা ও সমাজজীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উনার সাংবাদিকতার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের শক্তিকে কাজে লাগানো। উনার কর্মময় জীবন পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।বক্তারা বিশেষভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দৈনিক সংবাদের ভূমিকার কথা তুলে ধরেন। ১৯৭১ সালে ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সহায়ক ক্ষেত্র হয়ে উঠেছিল। সেই সময় আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ মুক্তিযুদ্ধের খবর, বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর দমন-পীড়ন এবং মুক্তিসংগ্রামের নানা দিক তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের সময় দৈনিক সংবাদ কার্যালয়ও বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঙ্গে যুক্ত বহু মানুষ ও কর্মীর যোগাযোগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় সংবাদ পরিবেশন শুধু খবর প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না; তা মানুষের মধ্যে সচেতনতা তৈরি, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন এবং মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল। দৈনিক সংবাদের সেই ভূমিকার সঙ্গে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের সম্পাদনা ও নেতৃত্বের বিষয়টি বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। উনার মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার উনাকে মরণোত্তর ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করে।
এই দিন বক্তারা ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের কর্মময় জীবন, সাংবাদিকতায় উনার অবদান এবং ত্রিপুরার সংবাদপত্র জগতে উনার দীর্ঘস্থায়ী প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, সময়ের সঙ্গে সংবাদপত্রের ধরন ও প্রযুক্তির পরিবর্তন হলেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।অনুষ্ঠানের শেষে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের প্রতিকৃতিতে অতিথি সহ উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য