উৎসবের মরশুমে রাজধানী আগরতলায় একের পর এক চুরির ঘটনায় যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। কৃষ্ণনগরের জনবহুল ভিআইপি এলাকা থেকে চুরি যাওয়া একটি ব্যাটারি চালিত অটো রিকশা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, দুদিন আগে রাতের অন্ধকারে কৃষ্ণনগর এলাকার রাস্তার পাশে রাখা একটি ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে চম্পট দেয় চোরচক্র। জনবহুল ভিআইপি এলাকায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে পরিবহন শ্রমিকদের মধ্যে দেখা দেয় উদ্বেগ।
ঘটনার পরদিন পশ্চিম আগরতলা থানায় অটো চুরির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ হাতে পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক চুরির ঘটনাগুলিও তদন্তের আওতায় নিয়ে তল্লাশি ও নজরদারি শুরু করে পুলিশ। তদন্তে সিসি ক্যামেরার ফুটেজকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ব্যবহার করা হয়। সেই সূত্র ধরেই বর্ডার গোল চক্কর, জে পি সি ইটবাট্টা এলাকা থেকে চুরি যাওয়া অটো সহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। একইসঙ্গে বাইক চুরির অভিযোগের তদন্তে নেমে বাইকসহ আরও দুজনকে আটক করা হয়।অর্থাৎ, অটো চুরির ঘটনায় চুরি যাওয়া যান উদ্ধার করার পাশাপাশি বাইক চুরির ঘটনাতেও সাফল্য পেয়েছে পুলিশ। চারজনকেই সোমবার আদালতে তোলা হয় এবং তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়।
পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জ সঞ্জিত সেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। বর্ডার গোল চক্কর জে পি সি ইটবাট্টা এলাকা থেকে চুরি যাওয়া অটো সহ দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বাইক চুরির অভিযোগে বাইকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। পুলিশের এই অভিযানের পর এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে শহরের অন্যান্য চুরির ঘটনার সঙ্গে তাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।



