আগামী ৬ নভেম্বর থেকে রাজ্যেও শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তথা এসআরআই। নির্বাচন কমিশনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে এবং কোনও অবৈধ ভোটার যাতে ভোটার তালিকায় স্থান করে নিতে না পারে, তা নিশ্চিত করতে এবার বুথস্তরের কর্মীদের আরও সক্রিয় করার উদ্যোগ নিল প্রদেশ কংগ্রেস। এসআরআই প্রক্রিয়া চলাকালীন দলের কর্মীরা যাতে কার্যকরভাবে ভূমিকা পালন করতে পারেন, সেই লক্ষ্যেই আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একদিনের বিশেষ কর্মশালার আয়োজন করে প্রদেশ কংগ্রেস। কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গ এসআরআই কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বসু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরোজিৎ সিনহা সহ প্রদেশ নেতৃত্বের অন্যান্যরা। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের বুথস্তর থেকে দলীয় নেতৃত্ব ও কর্মীরা এই কর্মশালায় অংশ নেন। মূলত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কীভাবে দলের বুথস্তরের প্রতিনিধিরা সক্রিয়ভাবে কাজ করবেন এবং বৈধ ভোটারদের নাম তালিকায় সুরক্ষিত রাখার পাশাপাশি অনিয়ম রুখতে কী ভূমিকা নিতে হবে, তা নিয়েই কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।
কংগ্রেসের অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যে এসআরআই প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। রাজ্যে যাতে একই ধরনের পরিস্থিতি তৈরি না হয় এবং প্রকৃত ভোটাররা কোনওভাবেই ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। কর্মশালা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, নির্বাচনে বিজেপির পক্ষে ফলাফল নিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী দিনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য দল পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। আশীষ কুমার সাহার বক্তব্য, এই প্রক্রিয়ায় দলের মূল উদ্দেশ্য হল কোনও বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করা। একইসঙ্গে কোনও অবৈধ ভোটার যাতে তালিকায় স্থান করে নিতে না পারে, সেজন্য বুথস্তরের দলীয় এজেন্টদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



