উৎসবের মরশুমেও কর্মসংস্থানের দাবিতে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। টেকনিক্যাল পদে ৪৩০ জনের নিয়োগের দাবিতে জেআরবিটি কার্যালয়ের সামনে বিক্ষোভের পর এবার আন্দোলনে নামলেন ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। পরীক্ষার ফল প্রকাশ এবং দ্রুত নিয়োগের দাবিতে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৫ সালের এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। অথচ ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পরীক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পরীক্ষার্থীদের দাবি, ২০২২ সালের এসটিজিটি পরীক্ষাকে কেন্দ্র করে আইনি জটিলতার কথা বলা হলেও আদালতের তরফে ফল প্রকাশ ও নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা আরোপ করা হয়নি। তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ তাঁদের। আইনি জটিলতার দোহাই দিয়ে তাঁদের নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। দীর্ঘদিনের এই অনিশ্চয়তা কাটাতে অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে শিক্ষা দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার হস্তক্ষেপও কামনা করেন পরীক্ষার্থীরা। এদিন দীর্ঘ সময় ধরে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ চলে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন অপেক্ষা করার পরও দাবি পূরণ না হওয়ায় তাঁরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, এর আগের দিনই আদালতের নির্দেশিকা মেনে টেকনিক্যাল পদে ৪৩০টি শূন্যপদে নিয়োগের দাবিতে জেআরবিটি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বেকার যুবক-যুবতীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলেছিল সেই কর্মসূচি। একের পর এক নিয়োগের দাবিতে আন্দোলন ঘিরে রাজ্যে কর্মপ্রত্যাশীদের ক্ষোভ ক্রমশ সামনে আসছে।



