স্মার্ট সিটির স্মার্ট ব্যবস্থা কে কেন্দ্র করে ক্ষোভ এখন জনমনে।আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযোগ, পাঁচ বছর পেরিয়ে গেলেও চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন ওয়ার্ডের কর্পোরেটর সোমা মজুমদার।
আর কয়েক মাস পরেই আগরতলা পুর নিগমের নির্বাচন। তার আগেই ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তা সংস্কার ও নির্মাণের দাবি জানিয়ে এলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। বর্ষার সময় কাদা ও জল জমে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। স্কুলপড়ুয়া, বৃদ্ধ ও সাধারণ মানুষকে প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তাঁদের।
স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি একাধিকবার কর্পোরেটর সোমা মজুমদারের নজরে আনা হলেও আশ্বাস ছাড়া বাস্তবে কোনো উন্নয়নমূলক কাজ দেখা যায়নি। এমনকি অভিযোগ জানাতে গেলে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও দাবি করেছেন কয়েকজন বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা শাসক দলের উন্নয়নের দাবিকে প্রশ্নের মুখে তুলেছে। তবে এই অভিযোগের বিষয়ে কর্পোরেটর সোমা মজুমদারের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সম্প্রচার করা হবে।নির্বাচনের আগে রাস্তা-সহ নাগরিক পরিষেবা নিয়ে উঠতে থাকা এই ধরনের অভিযোগ কতটা প্রভাব ফেলবে ভোটের রাজনীতিতে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



