Sunday, November 22, 2026
বাড়িখবররাজ্যকর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান কমাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মুক্তধারায় বিজেপির সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রী

কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান কমাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মুক্তধারায় বিজেপির সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রী

আগরতলা: অবসরপ্রাপ্ত ও প্রবুদ্ধজন প্রকোষ্ঠের উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের এক সাংগঠনিক সভা। আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংগঠনের পক্ষে সমর রায়-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে বিগত সরকারের সময়ের সঙ্গে বর্তমান সরকারের উদ্যোগের তুলনা করেন। মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালের জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই বছরের ডিসেম্বর মাসে এক ধাক্কায় আরও ১২ শতাংশ বৃদ্ধি করে তা ২০ শতাংশে নিয়ে যাওয়া হয়। তাঁর দাবি, একসঙ্গে ১২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির নজির আগে ছিল না। তবে সেখানেই সরকার থেমে থাকেনি। কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান যত দ্রুত সম্ভব কমিয়ে আনার লক্ষ্যেই সরকার কাজ করছে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে কর্মচারীদের জন্য যে ব্যবস্থা ছিল, বর্তমান সরকারও যদি একই পথে চলত, তাহলে দুই সরকারের মধ্যে পার্থক্য থাকত না। মহার্ঘ ভাতার ব্যবধান কমিয়ে আনতে সরকারের সদিচ্ছা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্য, কর্মচারীদের মহার্ঘ ভাতা না দিলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হয়।মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা বেড়ে ২৫ শতাংশ হয়। একই বছরের নভেম্বর মাসে আরও ৫ শতাংশ বৃদ্ধি করা হয়। ২০২৫ সালের এপ্রিল মাসে তা বাড়িয়ে ৩৩ শতাংশ এবং ওই বছরের অক্টোবর মাসে ৩৬ শতাংশ করা হয়। এরপর ২০২৬ সালের এপ্রিল মাসে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়ায় ৪১ শতাংশ। চলতি বছরের অক্টোবর মাসে আরও ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।মুখ্যমন্ত্রীর দাবি, গত চার বছর তিন মাসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মোট ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিকে সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে তুলে ধরে তিনি বলেন, কর্মচারীদের স্বার্থের কথা বিবেচনা করেই মহার্ঘ ভাতার ব্যবধান কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। পুর নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভায় একদিকে যেমন দলের সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়, অন্যদিকে কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের অবস্থানও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য