আগরতলা: পুর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনী প্রচারে বাধা, কর্মী-সমর্থকদের ভয় দেখানো এবং প্রচারসজ্জা নষ্ট করার মতো একাধিক অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হল সিপিআইএম সদর মহকুমা কমিটি। পশ্চিম থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের স্বাভাবিক নির্বাচনী প্রচার চালানোর পরিবেশ নেই বলে অভিযোগ দলটির। সিপিআইএমের অভিযোগ, পশ্চিম থানার অন্তর্গত পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির কিছু দুর্বৃত্ত বিরোধী দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বিরোধীদের নির্বাচনী লড়াই থেকে দূরে সরিয়ে রাখতেই পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে দাবি তাদের। এমনকি নির্বাচনী বিধি মেনে লাগানো প্রচারসজ্জাও বেশিক্ষণ অক্ষত থাকছে না। কিছুক্ষণের মধ্যেই সেগুলি নষ্ট করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছে বাম শিবির।এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং বিরোধী প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে রবিবার পশ্চিম থানার ইনচার্জের কাছে ডেপুটেশন জমা দেয় সিপিআইএম সদর মহকুমা কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেন।
ডেপুটেশন প্রদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী অভিযোগ করেন, গোটা এলাকায় এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, পৌর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ডকে কার্যত ‘নিষিদ্ধ নগরী’তে পরিণত করে রাখা হয়েছে। সন্ধ্যা নামলেই কিছু কিছু এলাকা দুর্বৃত্তদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর ফলে সিপিআইএমের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার চালাতে পারছেন না বলেও দাবি করেন মহকুমা কমিটির সম্পাদক। অমল চক্রবর্তীর বক্তব্য, নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীর সমানভাবে প্রচার চালানোর অধিকার রয়েছে। তাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে এই পরিস্থিতির অবসান ঘটিয়ে বিরোধী প্রার্থী ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সিপিআইএম।



