মানবতার মধ্যে ঐক্যের বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলার রেড ক্রস ভবনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ৭৯তম বিশ্ব রেড ক্রস দিবস ২০২৬। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে এবং সহযোগিতায় রাজ্যের সাতটি জেলা শাখায় একযোগে “রক্তদান জীবন দান” এই স্লোগানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে রক্তদানের পাশাপাশি অঙ্গদান কর্মসূচিও বিশেষ গুরুত্ব পায়। সমাজের মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে তিনজন ব্যক্তি স্বেচ্ছায় অঙ্গদান করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিএসএফের আইজি এ কে চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি-এর সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, সহ-সভানেত্রী ও বিশিষ্ট আইনজীবী অস্মিতা বণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা এদিন মানবসেবায় রেড ক্রসের ভূমিকার প্রশংসা করে বলেন, রক্তদান ও অঙ্গদান মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত করার ওপর জোর দেন তাঁরা।



