আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে এবারও বড়সড় কর্মসূচি হাতে নিল আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে আগামী ২রা জুলাই এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জোড়া মেগা অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি ঘোষণা করতে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শান্তনু বনিক, সহ-সভাপতি সুভাষ ঘোষ, সম্পাদক সন্তোষ গোপ, সহ-সম্পাদক উমা সংকর ভট্টাচার্যী ও মীনাক্ষী ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা।
ঘোষণা অনুযায়ী, ২রা জুলাই বিকাল চারটায় আগরতলা প্রেস ক্লাবে প্রথম পর্বের অনুষ্ঠানের সূচনা হবে। এই অনুষ্ঠানে রাজ্যে কর্মরত ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের পাশাপাশি কয়েকজন কৃতি খেলোয়াড়ের হাতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুই লক্ষ টাকার দুর্ঘটনা বিমার কাগজপত্র তুলে দেওয়া হবে। প্রথম পর্যায়ে মোট ৫০ জনকে এই বিমা সুবিধার আওতায় আনা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী Tinku Roy-কে। পাশাপাশি উপস্থিত থাকবেন ত্রিপুরা মাস্টার্স অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারাও। আগরতলা প্রেস ক্লাবের সভাপতিকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধ্যা সাড়ে পাঁচটায় উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হবে এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের দল মুখোমুখি হবে টি এফ এ-র আজীবন সদস্যদের সংগঠন “ফোরাম ফর লাইফ মেম্বারস অব টি এফ এ”-র সঙ্গে। এই খেলায় অংশ নেবেন রাজ্যের প্রাক্তন তারকা ফুটবলাররা, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবসকে কেন্দ্র করে এই উদ্যোগ ক্রীড়া সাংবাদিকতা ও ক্রীড়া সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই আশা সংগঠনের।



