বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে জুন……মঙ্গলবার সকাল ১১ ’টায় খোয়াই বি‚আর‚সি‚ হলে খোয়াই জেলা প্রশাসন‚ খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর‚ এবং খোয়াই জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে দিবস উদযাপন উপলক্ষ্যে নেশা মুক্ত সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে খোয়াই জেলার সহকারী এস‚পি‚ জাস্টিন জোসেফ‚ সম্মানিত অতিথি হিসেবে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ওএসডি হৃষীকেশ দেববর্মা ও খোয়াই সিএমও অফিসের প্রতিনিধি ড. তাপস সরকার প্রমুখরা উপস্থিত ছিলেন‚ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই বি‚আর‚সি‚ কো-অর্ডিনেটর মনোজ দেব্বর্মা ও আহ্বায়ক ছিলেন খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডিপিও সুজিত দাস। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসীন অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক ও প্রধান অতিথি সহ অন্য অতিথিরা‚ তখন দ্বীপ প্রজ্জ্বলন মন্ত্রপাঠ করেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী সৌর প্রতিম শর্ম্মা। স্বাগত বক্তব্য রাখেন হৃষীকেশ দেববর্মা‚ পরপর বক্তব্য রাখেন ড. তাপস সরকার‚ ড. বাবুরাম স্বামী‚ তপন দাস‚ জাস্টিন জোসেফ‚ মনোজ দেব্বর্মা। তারপর আহ্বায়ক সুজিত দাস ভোট অব থ্যাঙ্ক্স জানিয়ে উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন। এরপর দ্বিতীয়ার্ধের মূলপর্বের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান আরম্ভ হয়‚ এইদিন খোয়াই জেলাভিত্তিক পোস্টার প্রতিযোগিতা‚ স্লোগান প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিচারকের ভূমিকায় ছিলেন দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যপক ড. বাবুরাম দল স্বামী‚ নর্থ ঘিলাতলি রতিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রধানশিক্ষক তপন দাস‚ এবং অফিসটিলা উচ্চ বিদ্যালয়ের স্নাতক শিক্ষক সত্রাজিৎ বিশ্বাস। প্রতিযোগিতায় সারা খোয়াই জেলাজুড়ে বিভিন্ন বিদ্যালয়ের ২০০ জনের উপর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে‚ এদের মধ্যে থেকে ১৮ জনকে প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। গোটা অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিশিষ্ট বাচিকশিল্পী সৌর প্রতিম শর্ম্মা। উল্লেখ্য যে‚ এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা আগামী দিনে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় খোয়াই জেলার প্রতিনিধিত্ব করবে। এইদিন খোয়াই বি‚আর‚সি‚ হলে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যনীয়‚ অনুষ্ঠানের অতিথিরা‚ প্রতিযোগী‚ ছাত্রছাত্রী‚ শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক সকলের উজ্জ্বল উপস্থিতি‚ অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।



