বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫ শে সেপ্টেম্বর….বিদ্যালয় শিক্ষা দপ্তর ও খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, এস সি সাব কমিটির চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস। খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা কলেজের অধ্যক্ষ, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রূপক আচার্জী সহ অন্যান্যরা। প্রথমে অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং পরবর্তীতে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরিশেষে একে একে সমস্ত অতিথিরা আলোচনা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এস সি সাব কমিটির চেয়ারম্যান সমির কুমার দাস পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, কর্ম, আদর্শ ও উনার একাত্ম মানবতাবাদ এবং অন্ত্যোদয়ের ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের অন্তিম সারিতে থাকা মানুষের উন্নয়ন ও কল্যাণকে রাষ্ট্র ও সমাজব্যবস্থার মূল লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করার যে চিন্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তুলে ধরেছিলেন, তা আজও প্রাসঙ্গিক।
উনার জীবনাদর্শ, দেশপ্রেম, নৈতিকতা, কর্তব্যবোধ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপরও অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।



