Sunday, August 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে খোয়াইতে অনুষ্ঠিত হলো বহুভাষিক কবি সন্মেলন ও...

৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে খোয়াইতে অনুষ্ঠিত হলো বহুভাষিক কবি সন্মেলন ও আলোচনা চক্র।

​বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই আগস্ট….ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে খোয়াই জেলা প্রশাসন-এর উদ্যোগে এবং ‘প্রান্তর লিটারেচার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন’-এর সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় এক বর্ণাঢ্য বহুভাষিক কবি সম্মেলন ও আলোচনা চক্রের সফল আয়োজন করা হয়। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক-সন্ধ্যায়, গত ১৪ই আগস্ট খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় কবি, শিল্পী, সাহিত্যিক, শুভানুধ্যায়ী, সাহিত্য অনুরাগী ও শিক্ষানুরাগী মানুষের ব্যাপক সমাগমে অত্যন্ত প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস সি ওয়েলফেয়ার সাব-কমিটির চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী সমীর কুমার দাস। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শ্রী দেবাশীষ নাথ শর্মা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা খোয়াই পুর পারিষদ শ্রী পীযূষ কান্তি চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী প্রিয়তোষ ঘোষ।

অতিথি বরণের পর মঞ্চে স্থাপিত ভারতমাতার রক্তগর্ভা সুসন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, মোহাম্মদ ইকবাল, সরোজিনী নাইডুসহ যেসব প্রথিতযশা কবি, লেখক ও সাহিত্যিকদের লেখনী, গান ও কবিতা ভারতের স্বাধীনতা সংগ্রামে অবিরাম প্রেরণা ও উদ্দীপনা জুগিয়েছিল, তাঁদের প্রতিকৃতিতে অতিথিবৃন্দ শ্রদ্ধাভরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।​পুষ্পার্ঘ্য অর্পণের পর প্রধান অতিথি শ্রী সমীর কুমার দাস অন্যান্য অতিথিদের সাথে যৌথভাবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।​প্রদীপ প্রজ্বলনের পর ‘সুরের ধারা সংগীত শিক্ষা কেন্দ্র’-এর শিক্ষিকা শ্রীমতী বর্ণালী বিশ্বাস মহোদয়ার পরিচালনায় প্রতিষ্ঠানটির শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ দেশাত্মবোধক উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনার পর প্রান্তর লিটারেচার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন-এর সম্পাদক জহরলাল দাস উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে মূল সভার কার্যক্রম শুরু করেন। স্বাধীনতার সংগ্রামী ও ভারতমাতাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নাচ ও গানের সুন্দর পরিবেশনার পাশাপাশি মূল আকর্ষণ ছিল বহুভাষিক কবি সম্মেলন। বহুভাষিক কবি সম্মেলন ও আলোচনা চক্রের অনুষ্ঠানে ককবরক, বাংলা সহ প্রায় ৪০ জনেরও অধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও জাতীয় চেতনাকে তুলে ধরেন। বিভিন্ন ভাষার কবিতার এই অনন্য মেলবন্ধন উপস্থিত শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে। এই বহুভাষিক কবি সম্মেলন ও আলোচনা চক্রে কবিদের পাশাপাশি খোয়াইয়ের প্রচুর সাহিত্যিক, শিল্পী, লেখক, শুভানুধ্যায়ী, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং দর্শক-শ্রোতার বিপুল সমাগম ঘটে। উপস্থিত সাংস্কৃতিকপ্রেমী মানুষের উপস্থিতিতে খোয়াই বিআরসি হল যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল।

​উল্লেখ্য, প্রান্তর লিটারেচার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আয়োজিত স্বাধীনতা দিবসের প্রাক-সন্ধ্যার এই কবি সম্মেলন ও আলোচনা চক্রে খোয়াইয়ের প্রথিতযশা আবৃত্তি শিক্ষা কেন্দ্র ‘উত্তমালোক’-এর শিক্ষক তথা বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী উৎসব চক্রবর্তী মহোদয়ের পরিচালনায় শিশু শিল্পীদের পরিবেশিত কবিতা কোরাস দর্শক-শ্রোতাদের অত্যন্ত মোহাবিষ্ট ও বিশেষভাবে দৃষ্টি আকৃষ্ট করে।​প্রসঙ্গত, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে উদ্বোধক হিসেবে মাননীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী মহোদয়ের নাম থাকলেও, অন্য একটি পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার কারণে তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে তিনি বার্তার মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান। খোয়াই জেলা প্রশাসন এবং প্রান্তর লিটারেচার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের এই যৌথ সাহিত্য-সাংস্কৃতিক উদ্যোগকে উপস্থিত সকল স্তরের মানুষ ও অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা জানান। বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ এই সম্পূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রান্তর লিটারেচার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সভাপতি শ্রী নির্মলেন্দু পাল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য