দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন রূপ পেল আগরতলা শহরের প্রাণকেন্দ্রে থাকা পুরনো মোটরস্ট্যান্ড এলাকা। পিপিপি মডেলে নির্মিত অত্যাধুনিক পি এম আর সেন্টার পয়েন্ট মাল্টি কমপ্লেক্স মল ও কমার্শিয়াল কার পার্কিং-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে এদিন এই নবনির্মিত পরিকাঠামোর আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। নতুন এই পরিকাঠামোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী পুরনো মোটরস্ট্যান্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, একসময় ওই এলাকার কী পরিস্থিতি ছিল, তা আগরতলাবাসীর অজানা নয়। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারগুলির আমলে বিভিন্ন ইউনিয়নের নামে সেখানে জায়গা দখল করে রাখার প্রবণতা দেখা গিয়েছিল। এমনকি গাড়ির মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যেও বিভাজন তৈরি করে ওই এলাকাকে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হতো বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই পরিকাঠামো ও জমিকে নতুনভাবে ব্যবহারের সুযোগকে কাজে লাগিয়েছে বর্তমান সরকার। তারই ফল হিসেবে শহরের কেন্দ্রস্থলে গড়ে উঠেছে এই আধুনিক মাল্টি কমপ্লেক্স এবং কমার্শিয়াল কার পার্কিং। নতুন পার্কিং ব্যবস্থায় পরিবহন শ্রমিকদের জন্যও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের আধুনিক পরিকাঠামো নির্মাণের মাধ্যমে আগরতলার নগর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান সরকার নির্দিষ্ট পরিকল্পনা ও সঠিক দিশা নিয়েই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। পিপিপি মডেলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত অর্থে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল কীভাবে কার্যকর করা যায়, এই প্রকল্প তার একটি উদাহরণ। তাঁর দাবি, এই পরিকাঠামো নির্মাণে সরকারের কোনও আর্থিক বিনিয়োগ করতে হয়নি। সরকার শুধুমাত্র জমি দিয়েছে এবং সেই জমিকে কাজে লাগিয়ে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই বৃহৎ পরিকাঠামো গড়ে উঠেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে এর আগেও একাধিক প্রকল্প পিপিপি মডেলে বাস্তবায়নের চেষ্টা হয়েছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের দায়িত্ব নেওয়া সংস্থাগুলি পরবর্তীতে সরে গিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার এখন যেকোনও পিপিপি প্রকল্প গ্রহণের আগে সমস্ত দিক খতিয়ে দেখছে। তাঁর বক্তব্য, পরিকল্পনা, বাস্তবায়ন এবং ভবিষ্যতের স্থায়িত্ব—সবকিছু বিবেচনা করেই এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আর পি এম আর সেন্টার পয়েন্ট মাল্টি কমপ্লেক্স মল ও কমার্শিয়াল কার পার্কিংয়ের উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যে পিপিপি মডেলের একটি কার্যকর দৃষ্টান্ত তৈরি হলো বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী।



