Thursday, October 8, 2026
বাড়িখবররাজ্যআগরতলায় জল সরবরাহ ব্যবস্থায় নতুন সংযোজন, কলেজটিলায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর

আগরতলায় জল সরবরাহ ব্যবস্থায় নতুন সংযোজন, কলেজটিলায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর

আগরতলা পুরনিগম এলাকার নাগরিকদের পানীয় জল পরিষেবা আরও উন্নত ও দ্রুততর করতে একাধিক নতুন উদ্যোগের সূচনা হলো বৃহস্পতিবার। এদিন পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কলেজটিলায় ৬.৮১ এমএলডি ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি ৬৮০ কিলোলিটার ধারণক্ষমতার ওভারহেড ট্যাঙ্ক নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়াও এদিন আগরতলা পুরনিগমের পানীয় জল পরিষেবাকে আরও গতিশীল করতে র‍্যাপিড রেসপন্স টিমের গাড়ি এবং ট্রাক-মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কারের আনুষ্ঠানিক ফ্ল্যাগ-অফ করা হয়। জল সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা সমাধানের লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব ডাঃ মিলিন্দ রামটেকে, পুর কমিশনারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল জোনের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত। পুরনিগম এলাকার নাগরিকদের জন্য একাধিক পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় আগরতলা শহরের বিস্তীর্ণ এলাকায় বিশুদ্ধ পানীয় জলের যথেষ্ট অভাব ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে সহজে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কলেজটিলায় নির্মীয়মাণ নতুন জলশোধনাগার আগামী দিনে শহরের পানীয় জলের চাহিদা অনেকটাই পূরণ করতে সক্ষম হবে। পাশাপাশি জল সরবরাহ ব্যবস্থায় কোথাও কোনও সমস্যা দেখা দিলে যত দ্রুত তার সমাধান করা সম্ভব হবে, ততই একটি আধুনিক শহর হিসেবে আগরতলার পরিষেবা ব্যবস্থা আরও উন্নত হবে। এদিনের অনুষ্ঠানে র‍্যাপিড রেসপন্স টিম চালুর বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে আগরতলা পুরনিগম এলাকায় পানীয় জল সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে র‍্যাপিড রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন সময় পাইপলাইনে লিকেজ কিংবা কোনও এলাকায় পর্যাপ্ত জল না পৌঁছানোর মতো সমস্যা দেখা দেয়। নতুন অত্যাধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে নাগরিকদের দুর্ভোগ কমার পাশাপাশি জল পরিষেবার মানও আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। পুরনিগমের এই নতুন উদ্যোগগুলির মাধ্যমে একদিকে যেমন ভবিষ্যতের পানীয় জলের চাহিদা মেটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, অন্যদিকে জল সরবরাহ ব্যবস্থায় হঠাৎ তৈরি হওয়া সমস্যার দ্রুত মোকাবিলার ক্ষেত্রেও আরও কার্যকর পরিকাঠামো গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য