অতি সম্প্রতি রাজধানী আগরতলার কুঞ্জবনস্থিত জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক যুবতী। মৃত যুবতীর নাম চিত্রাঙ্গা হাজারিকা। তিনি আগরতলার লক্ষ্মীনারায়ণ রোড এলাকার বাসিন্দা। কী কারণে চিত্রাঙ্গা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে রহস্যজনক এই মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি হয়।
এই পরিস্থিতিতে শনিবার সকালে মৃত চিত্রাঙ্গা হাজারিকার বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, বিজেপির বড়দোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল দেবসহ অন্যান্যরা।
চিত্রাঙ্গার বাড়িতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি মৃত যুবতীর আত্মার সদগতি কামনা করেন মুখ্যমন্ত্রী এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, চিত্রাঙ্গার এভাবে চলে যাওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক। তাঁর বক্তব্য অনুযায়ী, চিত্রাঙ্গার বাবা ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী। মাত্র ৩২ বছর বয়সে এভাবে তাঁর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিকে চিত্রাঙ্গার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হওয়ায় ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। কেন এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ওই যুবতী, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী আধিকারিকরা। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর রয়েছে।



