সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। সেই সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার আগরতলার রামনগর মণ্ডলের উদ্যোগে আখাউড়া রোডস্থিত শ্রীশ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ, ধর্মীয় অনুষ্ঠান এবং বর্ণাঢ্য কলস যাত্রা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, জনপ্রতিনিধি, সাধু-সন্ত এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।যজ্ঞে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় বিশেষ পূজা-অর্চনা করা হয়। পরে সন্ত রবিদাসের জন্মস্থান থেকে আনা পবিত্র মাটি নিয়ে কলস যাত্রার আয়োজন করা হয়, যা রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, সন্ত গুরু রবিদাসজি ছিলেন একজন মহান সমাজসংস্কারক, যিনি চর্মকার পরিবারে জন্মগ্রহণ করেও প্রায় ৬৫০ বছর আগে জ্ঞান, ভক্তি ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছিলেন। বর্ণবাদের কঠিন সময়েও তিনি ব্রাহ্মণ শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করে সমাজে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা প্রতিষ্ঠা করেছিলেন।মুখ্যমন্ত্রী আরও বলেন, গুরু রবিদাসের রচিত কবিতা, ভক্তিগীতি ও দর্শন শিখ ধর্মের পবিত্র গ্রন্থেও স্থান পেয়েছে। তাঁর চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং সমাজকে সঠিক পথ দেখায়।
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “মেরা মাটি, মেরা দেশ” কর্মসূচির ভাবনাকে সামনে রেখেই গুরু রবিদাসের জন্মভূমির পবিত্র মাটি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাটির স্পর্শে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বক্তারাও সন্ত রবিদাসের সাম্য, সম্প্রীতি, মানবসেবা ও অস্পৃশ্যতামুক্ত সমাজ গঠনের আদর্শ অনুসরণের আহ্বান জানান। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও কলস যাত্রার মধ্য দিয়ে দিনভর ভক্তিমূলক পরিবেশে উদযাপিত হয় সন্ত শিরোমণি রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী।



