আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো ত্রিপুরা পুলিশের ৯২তম পুলিশ কনস্টেবল ব্যাচের পাসিং আউট প্যারেড। শনিবার আর. কে. নগর টিএসআর ট্রেনিং সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৪৭০ জন কনস্টেবল পাসিং আউট প্যারেডে অংশ নেন। এর মধ্যে ৪৬৯ জন ত্রিপুরা পুলিশ এবং ১ জন টিএসআরের জন্য প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে শীঘ্রই তাঁরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি নবীন পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধানখড়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা।
নবীন কনস্টেবলদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে রাজ্যে হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপ মোকাবিলায় সাফল্য এসেছে। সাইবার অপরাধ দমনে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং রাজ্য ও জেলা স্তরে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। তিনি জানান, বর্তমানে রাজ্যের আটটি জেলায় মোট নয়টি মহিলা থানা চালু রয়েছে। নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ার পর জনগণের কাছে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দিতে সকল পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ন্যায় সংহিতা বাস্তবায়নের ক্ষেত্রেও ত্রিপুরা দেশের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। মুখ্যমন্ত্রী নবীন পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কর্তব্যের প্রতি আন্তরিকতা থাকলে সমাজের আস্থা ও সম্মান দুটোই অর্জন করা সম্ভব। জনগণের সেবাই হবে তাঁদের প্রধান দায়িত্ব। এই পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে ত্রিপুরা পুলিশে আরও ৪৭০ জন প্রশিক্ষিত সদস্য যুক্ত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসন।



