রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। দেবী লক্ষ্মীর আরাধনাকে কেন্দ্র করে উৎসবের প্রস্তুতি এখন তুঙ্গে। পুজোর আগের দিন শনিবার সকাল থেকেই আগরতলার বিভিন্ন বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিমা কেনা থেকে শুরু করে পুজোর প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ—শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ। লক্ষ্মীপুজোকে ঘিরে বাজারে ফুল, ফল, পুজোর অন্যান্য উপকরণ এবং প্রতিমা কেনার জন্য ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন দোকানে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। পুজোর আনন্দে পরিবারের সঙ্গে কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা যায় বহু মানুষকে। পুজোর প্রস্তুতির পাশাপাশি বাজারের বাজির দোকানগুলিতেও ছিল ক্রেতাদের ভিড়। অন্যান্য বছরের মতো এবারও চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের বাজি নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। তবে শব্দবাজি নিষিদ্ধ থাকায় কম শব্দের বাজির দিকেই ঝুঁকতে হচ্ছে ক্রেতাদের। পরিবেশ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়টি মাথায় রেখে বাজি কেনার ক্ষেত্রেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে।
এদিকে, অন্যান্য পুজোর সামগ্রীর পাশাপাশি বাজির দামও এবার কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তা সত্ত্বেও বিক্রির পরিমাণে ব্যবসায়ীদের মধ্যে সন্তোষ দেখা যাচ্ছে। লক্ষ্মীপুজোর আগের দিন বাজারে ক্রেতাদের এই ভিড় তাঁদের ব্যবসায় আশার সঞ্চার করেছে বলে মনে করছেন বিক্রেতারা। সব মিলিয়ে, কোজাগরী লক্ষ্মীপুজোকে সামনে রেখে আগরতলার বাজারে এখন উৎসবের আমেজ। শেষ মুহূর্তের কেনাকাটা এবং পুজোর প্রস্তুতিতে ব্যস্ত শহরবাসী। রাত পোহালেই ধন-সম্পদ ও সমৃদ্ধির কামনায় ঘরে ঘরে পূজিত হবেন দেবী লক্ষ্মী।



