আগরতলা: আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়াল কংগ্রেস। দুর্নীতি, নাগরিক পরিষেবা, কর ব্যবস্থা এবং সাব্রুমের অগ্নিদগ্ধ মহিলার মৃত্যুর ঘটনা-সহ একাধিক ইস্যুতে সোমবার রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে সরব হল প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে পুর নিগমের ক্ষমতায় এলে নাগরিক পরিষেবার উন্নয়ন এবং কর ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রতিশ্রুতিও তুলে ধরল দল। এদিন আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাজ্য নেতৃত্ব শান্তি রঞ্জন দেবনাথ ও প্রশান্ত সেন চৌধুরীকে পাশে নিয়ে সরকারের বিভিন্ন নীতি ও কার্যকলাপের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, দুর্নীতির কেন্দ্র শুধু আগরতলা পৌর নিগমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর মহাকরণও দুর্নীতির বাইরে নয়। তাঁর দাবি, এমন কোনও প্রতিষ্ঠান নেই যেখানে দুর্নীতি বাসা বাঁধেনি। এই পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে কংগ্রেস পুর নিগমের ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি, কংগ্রেস পুর নিগমের দায়িত্ব পেলে নাগরিক পরিষেবার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান প্রবীর চক্রবর্তী। তাঁর বক্তব্য, আগামী ২৫ বছরের কথা মাথায় রেখে পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার জন্য বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা হবে। এছাড়া ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে সমস্ত ধরনের কর পুনর্বিন্যাস করে তা কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এ ক্ষেত্রে ওয়ার্ডভিত্তিক গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হবে এবং তাঁদের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করেই কর নির্ধারণ করা হবে বলে জানান কংগ্রেস মুখপাত্র।
শহরের দীর্ঘদিনের হকার সমস্যার সমাধান নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে কংগ্রেস। প্রবীর চক্রবর্তী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই হকার সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে সাব্রুমে এক মহিলার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও বিশেষভাবে তুলে ধরে রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। প্রবীর চক্রবর্তীর অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত মণ্ডল স্তরের নেতাকে পুলিশ গ্রেপ্তার করেনি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, অভিযুক্তদের আড়াল করতেই পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় কংগ্রেস। আসন্ন পুর নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবিও জানানো হয় সাংবাদিক সম্মেলন থেকে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষ যাতে কোনও ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন না হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে দল। পুর নির্বাচনের আগে একাধিক নাগরিক সমস্যা ও রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে কংগ্রেসের এই সাংবাদিক সম্মেলন নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল।



