Thursday, September 10, 2026
বাড়িখবররাজ্যভিলেজ কাউন্সিল ভোটে মনোনয়ন জমা শেষ, জিরানিয়ায় জোট প্রার্থীদের নিয়ে বিজেপির শক্তি...

ভিলেজ কাউন্সিল ভোটে মনোনয়ন জমা শেষ, জিরানিয়ায় জোট প্রার্থীদের নিয়ে বিজেপির শক্তি প্রদর্শন

এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে পাহাড়ে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। রাজ্যের নির্বাচন দপ্তরের ঘোষণামতো আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ এই নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই থেকে শুরু করে মনোনয়নপত্র দাখিল—সব ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে শাসক বিজেপি এবং তাদের জোট শরিকদের মনোনীত প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সংশ্লিষ্ট ব্লকের রিটার্নিং অফিসারের কাছে নির্ধারিত প্রক্রিয়া মেনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন জমার শেষ দিনে একই ছবি দেখা যায় জিরানিয়া আর ডি ব্লক চত্বরেও। মহকুমার বিভিন্ন ভিলেজ থেকে বিজেপি এবং জোটের মনোনীত প্রার্থীরা দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ব্লক কার্যালয়ে পৌঁছন এবং রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন।

প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্লক চত্বরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে দলীয় কর্মীদের উপস্থিতি এবং সমর্থকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে কার্যত নিজেদের সাংগঠনিক শক্তির জানান দেওয়ার চেষ্টা করে শাসক শিবির। রাজ্যের অন্যান্য এলাকার মতো জিরানিয়া মহকুমাতেও ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপি ও তার জোট শরিকরা সমন্বয় রেখে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়েছে। সেই লক্ষ্যেই শেষ মুহূর্ত পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাওয়া হয়। এদিন দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় শাসক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রার্থীদের মনোনয়ন দাখিলের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন নির্বাচন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরীর দাবি, এডিসি এলাকার আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থেই বিজেপি ও তার জোট শরিকদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানুষের সমর্থন নিয়ে জোটের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে মন্ত্রী দাবি করেন, আসন্ন নির্বাচনে বিরোধীদের কার্যত কোনো অস্তিত্ব নেই। এমনকি প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা প্রার্থী খুঁজে পেতেও সমস্যায় পড়েছে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সাধারণ মানুষের মধ্যে জোট প্রার্থীদের নিয়ে যে সাড়া দেখা যাচ্ছে, তাতে নির্বাচনে তাদের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তবে ২৮ সেপ্টেম্বরের নির্বাচনে শেষ পর্যন্ত ভোটাররা কোন পক্ষের পক্ষে রায় দেন, সেটাই এখন দেখার। মনোনয়নপর্ব শেষ হওয়ার পর এবার নির্বাচনী প্রচার ও জনসংযোগকে কেন্দ্র করে পাহাড়ের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য