Tuesday, September 8, 2026
বাড়িখবররাজ্যভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে উত্তেজনা, হেজামারায় হামলায় রক্তাক্ত আইপিএফটি নেতা স্বপন দেববর্মা

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে উত্তেজনা, হেজামারায় হামলায় রক্তাক্ত আইপিএফটি নেতা স্বপন দেববর্মা

এডিসি এলাকার আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়ি এলাকার রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন এবং উত্তেজনা বাড়ছে বলে অভিযোগ উঠছে। এরই মধ্যে রাজ্য সরকারের জোট শরিক আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার ওপর হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার দুপুরে হেজামারা ব্লকের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। আক্রান্ত আইপিএফটি নেতা স্বপন দেববর্মার অভিযোগ, জোটের অপর শরিক দল মথার একাংশের কর্মীরাই তার ওপর হামলা চালিয়েছে। হামলায় মাথায় আঘাত লেগে রক্তাক্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সূত্রে জানা যায়, এদিন আগরতলা থেকে নিজের বাড়ি খোয়াইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন স্বপন দেববর্মা। পথে হেজামারা ব্লকে গিয়ে নির্বাচনী রিটার্নিং অফিসারের কাছে একটি চিঠি জমা দেওয়ার কথা ছিল তার। সেই উদ্দেশ্যেই তিনি ব্লক অফিসের সামনে পৌঁছন। অভিযোগ, সেখানে উপস্থিত কয়েকজন মথা কর্মী তার দিকে এগিয়ে আসে।

পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বুঝতে পেরে স্বপন দেববর্মার গাড়ির চালক বিষয়টি পুলিশের নজরে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, আক্রান্ত নেতার অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই পেছন দিক থেকে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন।

স্বপন দেববর্মার আরও অভিযোগ, হামলাকারীদের তিনি নিজের পরিচয় দেওয়ার পরও তারা তাকে রেহাই দেয়নি। শুধু তার ওপরেই হামলা নয়, তার ব্যবহৃত গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে কোনো রকমে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইপিএফটি নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়তেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। খবর পেয়ে দ্রুত জিবি হাসপাতালে ছুটে যান রাজ্য সরকারের মন্ত্রী তথা দলের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম মুখ শুক্লাচরণ নোয়াতিয়া। সেখানে তিনি আহত স্বপন দেববর্মার সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে রাজ্য সরকারের তিন জোট শরিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে জোটের এই সিদ্ধান্ত নিয়ে শরিক দলগুলির নিচুতলার নেতা-কর্মীদের একাংশের মধ্যে ইতিমধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তার মধ্যেই জোটের এক শরিক দলের কেন্দ্রীয় নেতার ওপর অপর শরিক দলের কর্মীদের হামলার অভিযোগ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

হেজামারা ব্লকের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটার অভিযোগকে ঘিরেও উঠছে একাধিক প্রশ্ন। নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে কি না, তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

এদিনের হামলার ঘটনায় সরাসরি মথা দলকে দায়ী করেছেন আক্রান্ত আইপিএফটি নেতা স্বপন দেববর্মা। তবে একই সরকারের জোট শরিক হওয়ার পরও কেন তার ওপর এই ধরনের হামলার ঘটনা ঘটল, তা নিয়ে তিনিও বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনার পর হেজামারা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় জোট শরিকের কেন্দ্রীয় নেতার ওপর হামলার অভিযোগ নিঃসন্দেহে পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এখন এই ঘটনার পর প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য