বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫ শে আগস্ট..……শিক্ষা ও কর্মসংস্থানের দাবীতে রাজ্য জুড়ে নেশার রমরমা বাণিজ্য সরকার ও প্রশাসনের সর্ব অঙ্গে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার খোয়াই শহরে সংগঠিত হলো আমি ছাত্র যুবক মিলে বিভিন্ন সংগঠনের দুই ঘন্টার অবস্থান। এস এফ আই, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ এবং টি এস ইউ এর ডাকে এই দিন খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্ক স্থিত নৃপেন চক্রবর্তী অ্যাভেনিওতে ছিল এই গণ অবস্থানের কর্মসূচি।মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে জাতি উপজাতি ছাত্র যুবরা এই দিনের বিভাগীয় গণ অবস্থানের কর্মসূচিতে সামিল হয়েছিলেন। তাদের হাতে ছিল পতাকা, ব্যানার, পোস্টার আর হোর্ডিংয়ে সুসজ্জিত ছিল গণ অবস্থানের স্থান।সবার হাতে হাতে ছিল দাবী সম্বলিত বিভিন্ন প্লেকার্ড। বিভিন্ন শ্লোগানের মাধ্যমে মঙ্গলবার বেলা বারোটা থেকে টানা দুই ঘন্টার কর্মসূচি ছিল রীতিমতো সরগরম।একসময় বৃষ্টি নামলেও কেউ ছেড়ে যায় নি গণ অবস্থানস্থল।
গণ অবস্থানে বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টি ওয়াই এফ এর রাজ্য সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা,ডি ওয়াই এফ আই এর রাজ্য কমিটির সদস্য গৌতম পাল, সংগঠনের বিভাগীয় সম্পাদক সুমন দেব , টি ওয়াই এফ এর বিভাগীয় সম্পাদক করিম দেববর্মা ও টি এস ইউ এর কেন্দ্রীয় কমিটির সদস্যা রিয়েলি দেববর্মা।এই দিনের গণ অবস্থানের কর্মসূচি পরিচালনা করেন মল্লিকা শীল, বীরেশ দেববর্মা, সায়ন্তিকা দেব ও আকাশ দেববর্মাকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী।বক্তারা গণ অবস্থানের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের বেকার যুবক যুবতীদের সামনে এক গভীর আঁধার যেন নেমে এসেছে,কর্মসংস্থান বন্ধ।নিয়োগ নেই,সুশাসনের জমানায় দিশাহীন যৌবন।ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী আর মন্ত্রীরা শুধুই ভাষণবাজি করে বেড়াচ্ছেন।রাজ্যকে নাকি তারা মডেল রাজ্য বানিয়ে দেশের সেরা করে ফেলছেন।আর এই দিকে শিক্ষকের সঙ্কটে লাটে উঠেছে স্কুলগুলোর পঠন পাঠন।বন্ধ হয়ে পড়ছে বিভিন্ন স্কুলের দরজা।সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার মতো কর্মচারীর অভাব রয়েছে বিভিন্ন সরকারী দপ্তর গুলোতে।এমনকি চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীর সঙ্কটে ধুঁকছে স্বাস্থ্য পরিষেবাও।আবার একই সাথে নেশার মহাসাগরে ভাসছে রাজ্যের যুবকরা।উদ্দেশ্য হলো, যুবশক্তিকে নেশায় বুঁদ করে রেখে দেওয়া।যাতে করে সে কর্মসংস্থানের কথা ভুলে যায়।আর অন্যদিকে সরকারের রন্ধ্রে রন্ধ্রে চলছে দুর্নীতির রমরমা ব্যবসা।টাকা ছাড়া কোন কাজ হয়না।মৌলিক পরিষেবার জন্যও লাগে টাকা।পঞ্চায়েত থেকে মন্ত্রীসভা পর্য্যন্ত দুর্নীতির নেটওয়ার্ক সর্বত্র প্রসারিত।ছাত্র যুবদেরকে এই অপশাসন আর দু:শাসনের চিরতরে অবসানের জন্য পথে নেমে কঠিন আন্দোলনের আহ্বান জানান নেতৃবৃন্দরা।



