রাজ্যের শিক্ষাক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার ৮৬৫ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দিল বিদ্যালয় শিক্ষা দপ্তর। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে অফার লেটার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেক, এলিমেন্টারি ও সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা রাজীব দত্ত, এসসিইআরটি-র অধিকর্তা এল ডারলং, টিআরবিটি-র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন রায় সহ অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চাকরিপ্রার্থীদের রাস্তায় নেমে আন্দোলন করার প্রয়োজন নেই, কারণ সরকার নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে চলেছে। বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের কাজ পদ্ধতিগতভাবে চলছে এবং আরও বহু নিয়োগ প্রক্রিয়া বর্তমানে পাইপলাইনে রয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র শূন্যপদ পূরণ নয়, প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করাও বর্তমান সরকারের দায়িত্ব। তিনি আশ্বাস দেন, আগামী দিনেও বিভিন্ন দপ্তরে নিয়োগের ধারা অব্যাহত থাকবে।
নিয়োগপত্র প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতেই তাঁরা এই চাকরি পেয়েছেন। কোনও সুপারিশ বা রাজনৈতিক প্রভাবের প্রয়োজন পড়েনি। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আগামী প্রজন্মকে গড়ে তোলার গুরুদায়িত্ব এখন তাঁদের কাঁধে, তাই শিক্ষকদের সমাজে বিশেষ মর্যাদা ও দায়িত্ব রয়েছে।



