মাত্র ২০ টাকা পার্কিং ফি আদায়কে কেন্দ্র করে আগরতলা রেলস্টেশনে এক মহিলা যাত্রীর সঙ্গে পার্কিং বিভাগের কর্মীদের বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এক মহিলা কর্মীর বিরুদ্ধে ধাক্কা দেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ, চুল ধরে টানাটানি এবং মারধরের অভিযোগ তুলেছেন যাত্রী নীলাঞ্জনা ভট্টাচার্য। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে সাময়িক উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, স্টেশনে পৌঁছে অটো থেকে নামার সময় গাড়িটি কোনও নির্ধারিত পার্কিং এলাকায় দাঁড় করানো হয়নি। এমনকি স্টেশনের প্রবেশপথ থেকে প্রায় ৫০ মিটার দূরে অটোটি থামানো হয়েছিল। তা সত্ত্বেও পার্কিং বিভাগের এক কর্মী তাঁর কাছে ২০ টাকা পার্কিং ফি দাবি করেন। কেন এই টাকা নেওয়া হচ্ছে, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মীদের কাছে পার্কিং ফি আদায়ের নিয়ম ও সরকারি নির্দেশিকা দেখতে চান নীলাঞ্জনা। কিন্তু তাঁর অভিযোগ, নিয়ম জানতে চাওয়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক মহিলা কর্মী তাঁর দিকে তেড়ে আসেন এবং পরবর্তী সময়ে তাঁকে ধাক্কা দেন। অভিযোগ, ওই কর্মী অশালীন ভাষায় গালিগালাজ করার পাশাপাশি চুল ধরে টানাটানি ও মারধর করেন। এমনকি তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলেও দাবি করেছেন নীলাঞ্জনা। তাঁর আরও অভিযোগ, সেই সময় তাঁর মা পাশে উপস্থিত না থাকলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত।
ঘটনাস্থলে উপস্থিত এক বয়স্ক কর্মীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। নীলাঞ্জনার দাবি, ওই কর্মী তাঁর পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ফোন ভেঙে দেওয়ার হুমকি দেন। এমনকি সংশ্লিষ্ট মহিলা কর্মীর পরিচয়পত্রের ছবি বা ভিডিও করতে গেলে সেটিও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনার সময় স্টেশন চত্বরে বহু যাত্রী উপস্থিত থাকলেও কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন নীলাঞ্জনা। বরং পার্কিং বিভাগের কয়েকজন কর্মী তাঁকে থামানোর চেষ্টা করেন বলে তাঁর দাবি। এই বচসা ও হেনস্থার জেরে নির্ধারিত ট্রেনটি মিস করেন তিনি। পাশাপাশি সময়মতো কর্মস্থলেও পৌঁছাতে পারেননি বলে জানিয়েছেন অভিযোগকারী। ঘটনার পর নীলাঞ্জনা ভট্টাচার্য গোটা বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এফআইআর নথিভুক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। রেলস্টেশনে পার্কিং ফি আদায়ের নির্দিষ্ট নিয়ম কী? নির্ধারিত পার্কিং এলাকায় গাড়ি না দাঁড় করানো সত্ত্বেও কেন যাত্রীর কাছে টাকা দাবি করা হলো? আর পার্কিং ফি নিয়ে কোনও যাত্রী নিয়ম জানতে চাইলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার বা শারীরিক হেনস্থার অভিযোগ উঠবে কেন?
রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে যাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই নীলাঞ্জনা ভট্টাচার্যের তোলা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং অভিযুক্ত কর্মীদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। তবে অভিযোগের বিষয়ে রেল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট পার্কিং বিভাগের বক্তব্য এখনও জানা যায়নি।



