Wednesday, May 13, 2026
বাড়িখবররাজ্যনিট পরীক্ষা বাতিল ইস্যুতে সরব যুব কংগ্রেস, কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

নিট পরীক্ষা বাতিল ইস্যুতে সরব যুব কংগ্রেস, কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

২০২৬ সালের নিট (NEET) প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বুধবার আগরতলার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয় প্রদেশ যুব কংগ্রেস।

সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা অভিযোগ করেন, নিট পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং এর ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে।

তিনি বলেন, ২০২৬ সালের নিট পরীক্ষা বাতিল হওয়ায় প্রায় ২২ লক্ষ পড়ুয়া চরম মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ২০১৬, ২০২১ ও ২০২৪ সালের পর ফের একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে নীল কমল সাহা বলেন, “সরকার শুধু ডিজিটাল ভারতের কথা বলছে, কিন্তু শিক্ষাব্যবস্থাকে সুরক্ষিত ও স্বচ্ছ করতে কার্যকর ভূমিকা নিচ্ছে না।” তিনি অভিযোগ করেন, প্রশ্নফাঁসের মতো গুরুতর ঘটনায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কিংবা ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে সন্তোষজনক কোনও পদক্ষেপ দেখা যায়নি।

এই ঘটনার দায় স্বীকার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন যুব কংগ্রেস সভাপতি। পাশাপাশি নিট পরীক্ষার পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ভেঙে দেওয়ার দাবিও তোলেন তিনি। তিনি জানান, যুব কংগ্রেস খুব শীঘ্রই দেশব্যাপী আন্দোলনে নামবে এবং রাজ্যেও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষাগুলি যাতে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য