রাজধানীর পশ্চিম থানার নাকের ডগায় সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে চুরি যাওয়া প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ। এই সফল অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। শনিবার পশ্চিম থানায় এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়।
তিনি জানান, শুক্রবার রাতে রানিরবাজারের বাসিন্দা রাজু সাহা হঠাৎ খবর পান যে, তাঁর এক নিকটাত্মীয় পশ্চিম থানা সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। খবর পেয়ে তিনি স্ত্রীকে নিয়ে তড়িঘড়ি আগরতলায় রওনা দেন। বাড়ির মূল্যবান স্বর্ণালংকার একটি ব্যাগে ভরে অটোর বক্সে রেখে তালাবদ্ধ করে নার্সিংহোমে যান। রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নার্সিংহোমে অবস্থান করেন।
পরে বাইরে এসে দেখেন অটোর বক্সের তালা ভাঙা এবং ভিতরে রাখা সমস্ত স্বর্ণালংকার উধাও। সঙ্গে সঙ্গেই তিনি পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। অভিযানে সহযোগিতা করেন রামনগর ও বটতলা ফাঁড়ির ওসিরা। রাত ১১টা নাগাদ তদন্ত শুরু করে পুলিশ নিজস্ব সূত্রে জানতে পারে, রাত ৯টা থেকে ১০টার মধ্যে প্যারাডাইস চৌমুহনী থেকে পশ্চিম থানা পর্যন্ত এলাকায় রাজনগরের কয়েকজন যুবক ঘোরাফেরা করছিল।
সূত্রের তথ্যের ভিত্তিতে গভীর রাতে রাজনগর এলাকায় শামীম মিয়া ও পার্থ আচার্যের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সঙ্গে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
সদর এসডিপি দেবপ্রসাদ রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, ধৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গত দুর্গাপূজোর সময় রাজু সাহার বাড়িতে চুরি হওয়ার ঘটনার পর থেকেই তিনি বাড়ির সমস্ত স্বর্ণালংকার সঙ্গে রাখতেন। সেই কারণেই শুক্রবার রাতে তিনি অলংকারগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলেন।



