বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯শে সেপ্টেম্বর…… SIR নিয়ে মঙ্গলবার দুপুরে খোয়াই জিলা পরিষদের সভাধিপতির সাংবাদিক সম্মেলন।বাড়ি বাড়ি নথি সংগ্রহ করবেন BLO, প্রয়োজনে হবে অনলাইন শুনানি বলে জানান খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায়।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে খোয়াই জিলা পরিষদের কার্যালয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে SIR-এর বিভিন্ন বিষয় এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলি তুলে ধরেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়। তিনি জানান, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও সহজ ও ভোটারবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। গত ২৬ সেপ্টেম্বরের বৈঠকে ভোটারদের নথিপত্র যাচাই, বাড়ি বাড়ি নথি সংগ্রহ, অনলাইন শুনানি, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা এবং ECINET পোর্টালের কার্যকারিতা পর্যালোচনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, SIR চলাকালীন কোনও ভোটারকে নাম বাদ পড়া বা নথিপত্রে অসংগতি সংক্রান্ত নোটিশ দেওয়া হলে সংশ্লিষ্ট BLO ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। পরে সেই নথি ECINET পোর্টালে আপলোড করা হবে। সাধারণ ক্ষেত্রে ভোটারকে শুনানির জন্য ERO বা AERO-র দপ্তরে যেতে হবে না। বিশেষ পরিস্থিতিতে অনলাইন শুনানির ব্যবস্থাও করা হতে পারে। প্রয়োজনে পরিবারের কোনও প্রাপ্তবয়স্ক সদস্যকে শুনানিতে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে। সুবিধাবঞ্চিত মানুষদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নৈশকালীন আশ্রয়কেন্দ্রের বাসিন্দা, শ্রমিক, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তা কেন্দ্র ও শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের।
সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, SIR-এর ক্ষেত্রে ফর্ম-৬-এর সঙ্গে যুক্ত ঘোষণাপত্র নিয়ে কমিশন অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে SIR-বহির্ভূত সাধারণ সংশোধনের ক্ষেত্রে Registration of Electors Rules, 1960 অনুযায়ী নির্ধারিত ফর্ম ব্যবহার করা হবে। এছাড়া ECINET পোর্টালের কার্যকারিতা, নিরাপত্তা ও আইনানুগ ব্যবহার পর্যালোচনার জন্য সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। ওই কমিটিতে IIT বা IIIT-এর একজন স্বাধীন বিশেষজ্ঞও থাকবেন।
এদিকে দিল্লি ও মহারাষ্ট্রে ভোটার তালিকা সংশোধনের সময়সীমাও বাড়ানো হয়েছে। দিল্লিতে দাবি ও আপত্তি জমার শেষ তারিখ ৩০ অক্টোবর এবং নিষ্পত্তির সময়সীমা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। মহারাষ্ট্রে দাবি ও আপত্তি জমার শেষ তারিখ ১২ অক্টোবর এবং নিষ্পত্তির সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, বিহার ও পশ্চিমবঙ্গ-সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR সম্পন্ন হয়েছে। SIR চলাকালীন বা পরবর্তী সময়ে যাঁদের নাম বাদ পড়েছে, সেই সঙ্গে নতুন ভোটাররাও চলমান সংশোধন প্রক্রিয়ায় ERO-র কাছে আবেদন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবেন। এ জন্য CEO, DEO ও ERO-দের বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।গোয়াতেও বাদ পড়া ভোটারদের ফর্ম সংগ্রহে BLO-দের বাড়ি বাড়ি যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্ভুক্তির জন্য চিহ্নিত ৯৭ জন ভোটারের মধ্যে ৮১ জন ইতিমধ্যে ফর্ম-৬ পূরণ করেছেন বলে কমিশনের প্রেস নোটে উল্লেখ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলির মূল লক্ষ্য হলো ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে সহজ করা, প্রয়োজনীয় নথি সংগ্রহে ভোটারদের সহায়তা করা এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ নিশ্চিত করা।



