উচ্চশিক্ষিত হয়েও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে এবার সরকারি চাকরিতে নিয়মিত নিয়োগের দাবিতে সরব হল অল ত্রিপুরা এম.টেক/পিএইচ.ডি ফোরাম। রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শূন্য থাকা শিক্ষক, কারিগরি ও অশিক্ষক পদগুলিতে দ্রুত নিয়োগের দাবিতে বুধবার উচ্চশিক্ষা দপ্তরের দ্বারস্থ হন ফোরামের প্রতিনিধিরা। এদিন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মার হাতে নিজেদের দাবিসংবলিত একটি স্মারকলিপি তুলে দেন তাঁরা।ফোরামের দাবি, বর্তমানে ত্রিপুরায় প্রায় ৭০০ জন এম.টেক ও পিএইচ.ডি ডিগ্রিধারী উপযুক্ত কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। তাঁদের অনেকেরই উচ্চতর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা ও প্রয়োজনীয় পেশাগত দক্ষতা রয়েছে। তা সত্ত্বেও রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাঁদের নিয়োগের পর্যাপ্ত সুযোগ তৈরি হচ্ছে না। ফলে উচ্চশিক্ষিত এই যুবক-যুবতীদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।স্মারকলিপিতে ফোরামের পক্ষ থেকে বিশেষভাবে ত্রিপুরা সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অন্যদিকে রাজ্যের ছয়টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটেও একাধিক লেকচারার পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। শুধু শিক্ষক পদই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে অশিক্ষক ও কারিগরি পদেও উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ রয়েছে বলে দাবি ফোরামের।
প্রতিনিধিদের বক্তব্য, একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কারিগরি কর্মীর অভাব রয়েছে, অন্যদিকে রাজ্যেই সংশ্লিষ্ট পদগুলির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন এম.টেক ও পিএইচ.ডি ডিগ্রিধারী প্রার্থীরা কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হলে একদিকে যেমন উচ্চশিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে সরকারি প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার মান ও পরিকাঠামোগত কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে।এদিন উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে ফোরামের প্রতিনিধিরা তাঁদের সমস্যার বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি দীর্ঘদিনের শূন্যপদ পূরণ করে যোগ্য প্রার্থীদের নিয়মিত সরকারি চাকরিতে নিয়োগের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।ফোরামের প্রতিনিধিদের দাবি, অধিকর্তা তাঁদের উত্থাপিত বিষয়গুলির যৌক্তিকতা স্বীকার করেছেন। পাশাপাশি দাবিগুলি বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। উচ্চশিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান এবং রাজ্যের প্রযুক্তি শিক্ষার পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার, ফোরামের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার শূন্যপদ পূরণ ও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।



