আগরতলা: রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতি যখন প্রায় সম্পূর্ণ, তখন সংবিধান দিবসকে সামনে রেখে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এক ভিডিও বার্তায় ভোটারদের উদ্দেশে বিশেষ আবেদন জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর বক্তব্যে উঠে এল ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি এবং নির্বাচনী অনিয়মের একাধিক প্রসঙ্গ। বৃহস্পতিবারের ওই ভিডিও বার্তায় সুদীপ রায় বর্মন বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মূল্যবোধ যখন বিভিন্ন প্রশ্নের মুখে, তখন সংবিধান দিবসের গুরুত্ব আরও বেড়ে যায়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমানে ভোটাধিকার খর্ব করা এবং বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। শাসকদলের নেতাদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে কংগ্রেস বিধায়ক বলেন, নির্বাচনে কে জয়ী হবেন বা কে পরাজিত হবেন, সেটাই গণতন্ত্রের একমাত্র বিষয় নয়। মানুষের অধিকার কেড়ে নেওয়া কিংবা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগে বাধা সৃষ্টি করা হলে তা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতিতে নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়া জরুরি। ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে পৌঁছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। কোনও ধরনের হুমকি বা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করার পরামর্শ দিয়ে সুদীপ বলেন, জাতীয় স্তরে বিজেপিকে পরাজিত করার সক্ষমতা কোন রাজনৈতিক দলের রয়েছে, সেটিও বিবেচনায় রেখে ভোট দেওয়া উচিত।
ভিডিও বার্তায় বিজেপি সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির প্রসঙ্গে সর্ষের তেলের উদাহরণ দিয়ে তাঁর দাবি, কংগ্রেস আমলে প্রতি লিটার সর্ষের তেলের দাম ৭০ থেকে ৭২ টাকার মধ্যে থাকলেও বর্তমানে তা বেড়ে ২৪০ থেকে ২৫০ টাকায় পৌঁছেছে। অথচ দিনমজুর, কৃষক, দোকানের কর্মচারী, ই-রিকশা ও অটোচালকদের আয় সেই অনুপাতে বাড়েনি। এই অবস্থায় সাধারণ মানুষের সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের বেকার যুবক, চুক্তিভিত্তিক কর্মচারী এবং শিক্ষিত চাকরিপ্রার্থীদের সমস্যার বিষয়েও সরব হন সুদীপ রায় বর্মন। এসটিজিটি, টেট এবং সর্বশিক্ষা অভিযানের অধীনে নিয়োগ সংক্রান্ত সমস্যা ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের সমস্যার সমাধানের পরিবর্তে সরকার একটি নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। নির্বাচনী প্রচারের ধরন নিয়েও আপত্তি জানান কংগ্রেস বিধায়ক। বিজেপির প্রচারে অতিরিক্ত মাইক, গাড়ি এবং প্লাস্টিকের ফ্লেক্স ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা উচ্চ শব্দের প্রচারে পড়ুয়া, প্রবীণ নাগরিক এবং অসুস্থ ব্যক্তিদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। পাশাপাশি ব্যবহৃত প্লাস্টিকের ফ্লেক্স ও অন্যান্য বর্জ্য পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও দাবি করেন তিনি। এদিনের বক্তব্যে বিজেপির প্রবীণ নেতা অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনোহর যোশীর প্রসঙ্গও টেনে আনেন সুদীপ। একসময় এই নেতাদের সমর্থন করতেন যাঁরা, তাঁদের বর্তমান রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি দেশকে ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক। নির্বাচনে সম্ভাব্য কারচুপি ও অনিয়মের আশঙ্কা প্রকাশ করে ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অতীতের নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে বলে কিছু ভোটারকে জানানো হয়েছিল—এমন অভিযোগের উল্লেখ করে সুদীপ বলেন, এ ধরনের পরিস্থিতিতে ভোটারদের ফিরে আসা উচিত নয়। বরং নির্বাচনী বিধি অনুযায়ী টেন্ডারড ভোট দেওয়ার দাবি জানাতে হবে।
পাশাপাশি জেন-জি, মিলেনিয়াল-সহ বিভিন্ন প্রজন্মের ভোটারদের উদ্দেশে তাঁর আবেদন, ভোটগ্রহণের সময় কোনও অনিয়ম বা অন্যায়ের ঘটনা চোখে পড়লে তা মোবাইল ফোনে নথিবদ্ধ করুন। জনগণের উপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই।
বার্তার শেষ পর্যায়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষাকে প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলে উল্লেখ করেন সুদীপ রায় বর্মন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকলকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ এবং পরিবর্তনের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



