Sunday, November 1, 2026
বাড়িখবররাজ্যপুর নির্বাচনে বিজেপি-তিপ্রা মথার জোট অটুট রাখার উদ্যোগ, আসন সমঝোতা নিয়ে বৈঠক

পুর নির্বাচনে বিজেপি-তিপ্রা মথার জোট অটুট রাখার উদ্যোগ, আসন সমঝোতা নিয়ে বৈঠক

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে ত্রিপুরায়। আগামী ২৭ নভেম্বর আগরতলা পুর নিগম-সহ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ। নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে নির্বাচনী লড়াইয়ে জোটের সমীকরণ চূড়ান্ত করতে আলোচনায় বসল বিজেপি ও তিপ্রা মথা। রবিবার বিজেপি ও তিপ্রা মথার প্রতিনিধিদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, অতীতের নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে এবারও এনডিএ জোটের শরিক দলগুলি ঐক্যবদ্ধভাবে পুর নির্বাচনে লড়াই করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মূলত আসন সমঝোতা এবং তিপ্রা মথার পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রঞ্জিত দেববর্মা জানান, আলোচনার বিষয়গুলি দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরা হবে। এরপর সোমবার রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

বৈঠকের পরিবেশ সম্পর্কে তিনি জানান, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে। তবে কোন দল কতগুলি আসনে এবং কোন কোন ওয়ার্ডে প্রার্থী দেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিজেপির কোর কমিটির বৈঠকের পরই আসন বণ্টন ও প্রার্থী নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে স্থির হয়েছে। উল্লেখ্য, গত কয়েকটি নির্বাচনে বিজেপি ও তিপ্রা মথা জোটের শরিক হিসেবে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার পুর নির্বাচনেও সেই জোটের সমন্বয় বজায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আসন সমঝোতার ক্ষেত্রে দুই দলের মধ্যে কী ধরনের সিদ্ধান্ত হয়, তা এখন দেখার বিষয়। আগামী ২৭ নভেম্বরের ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির প্রচার ও সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি ও তিপ্রা মথার মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হলে জোটের নির্বাচনী কৌশলও আরও স্পষ্ট হবে। এখন সকলের নজর সোমবার রাতের ঘোষণার দিকে—পুর নির্বাচনে কোন দল কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার চূড়ান্ত ছবি সেখানেই সামনে আসতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য