Sunday, September 20, 2026
বাড়িখবররাজ্যজনবহুল কৃষ্ণনগরে রাতের অন্ধকারে অটো চুরি সিসিটিভিতে ধরা পড়ল চুরির ঘটনা, কয়েক...

জনবহুল কৃষ্ণনগরে রাতের অন্ধকারে অটো চুরি সিসিটিভিতে ধরা পড়ল চুরির ঘটনা, কয়েক ঘণ্টা পরও অধরা চোর

উৎসবের মরশুমের মুখে শহরজুড়ে চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা মন্দির—কোনও জায়গাই যেন চোরের হাত থেকে নিরাপদ নয় বলে অভিযোগ। এবার সেই তালিকায় যুক্ত হলো পরিবহন শ্রমিকের ব্যাটারিচালিত অটো। রাস্তার পাশে তালাবন্ধ অবস্থায় রাখা নতুন অটো নিয়েই রাতের অন্ধকারে চম্পট দিল চোরের দল। ঘটনাটি ঘটেছে আগরতলার জনবহুল ভিআইপি এলাকা হিসেবে পরিচিত কৃষ্ণনগরে। জানা গেছে, গতকাল রাতে টিএনজিসিএল-এ কর্মরত এক শ্রমিকের নতুন ব্যাটারিচালিত অটো রাস্তার পাশে রাখা ছিল। অন্যান্য দিনের মতো অটোটি লক করেই রাখা হয়েছিল। কিন্তু রাতের কোনো একসময় চোরের দল সেই অটো নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। চুরির পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে। ফুটেজে অটো নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে চোরদের শনাক্ত করার ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করছেন অটোর মালিক।

রাতেই অটোটি চুরি হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন মালিক। এরপর আর দেরি না করে তিনি পুলিশের দ্বারস্থ হন এবং ঘটনার বিষয়ে অভিযোগ জানান। খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্তে নামে বলে জানা গেছে। তবে ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া অটোর কোনও হদিশ মেলেনি। একইসঙ্গে অভিযুক্ত চোরদেরও শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলে অভিযোগ। ফলে একদিকে নতুন অটো হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিক, অন্যদিকে পুলিশের তদন্তের অগ্রগতি নিয়েও হতাশ তিনি। উল্লেখ্য, শহরে প্রায় প্রতিরাতেই চুরি ও চুরির চেষ্টার ঘটনা সামনে আসছে বলে অভিযোগ। বাড়িঘর থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন মন্দিরেও চোরের হানা নিয়ে উদ্বেগ রয়েছে। উৎসবের আগে একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যেই আগরতলার ব্যস্ত ও জনবহুল কৃষ্ণনগরের মতো এলাকায় রাস্তার পাশে তালাবন্ধ অবস্থায় থাকা একটি নতুন অটো চুরি হয়ে যাওয়ার ঘটনায় ফের প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এখন সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে পুলিশ কত দ্রুত চোরদের শনাক্ত করতে পারে এবং চুরি যাওয়া অটো উদ্ধার করতে পারে, সেদিকেই তাকিয়ে অটোর মালিক থেকে শুরু করে স্থানীয়রা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য