ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘দিনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’-এর জেলা স্তরের প্রশিক্ষণ বর্গ। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মণ্ডলে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। এবার শুরু হচ্ছে জেলা পর্যায়ের প্রশিক্ষণ। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান দলের অন্যতম মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার এবং মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি জানান, প্রথম পর্যায়ের প্রশিক্ষণ বর্গ আগামী ৬ থেকে ৮ আগস্ট গোমতি, দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলা (দক্ষিণ) জেলায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায় ৮ থেকে ১০ আগস্ট সদর গ্রামীণ, সদর শহর এবং সিপাহীজলা (উত্তর) জেলায় এবং তৃতীয় পর্যায় ১১ থেকে ১৩ আগস্ট ঊনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই ও ধলাই জেলায় অনুষ্ঠিত হবে।তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১২টি সাংগঠনিক ও আদর্শগত বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।
সুব্রত চক্রবর্তী আরও জানান, জেলা স্তরের এই প্রশিক্ষণ বর্গে প্রদেশ বিজেপি সভাপতি, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, দলের প্রদেশ নেতৃত্ব, রাজ্য প্রভারি এবং কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক প্রতিনিধিও উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন। দলের দাবি, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শগত চর্চা এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।



