Tuesday, July 28, 2026
বাড়িখবররাজ্যজিবি হাসপাতালে এমআরআই রিপোর্ট পেতে দীর্ঘ অপেক্ষা, চিকিৎসা পরিষেবা নিয়ে বাড়ছে রোগীদের...

জিবি হাসপাতালে এমআরআই রিপোর্ট পেতে দীর্ঘ অপেক্ষা, চিকিৎসা পরিষেবা নিয়ে বাড়ছে রোগীদের ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং মেডিকেল হাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার একাধিক পদক্ষেপের কথা জানিয়ে আসছে। সরকারের দাবি, উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর ফলে জটিল রোগের চিকিৎসা এখন রাজ্যের মধ্যেই সম্ভব হচ্ছে এবং বহিরাজ্যে রোগী রেফারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই দাবির বিপরীতে সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা নিয়ে অভিযোগও অব্যাহত রয়েছে। বিশেষ করে রাজধানীর প্রধান সরকারি রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভ (জিবি) হাসপাতালে এমআরআই রিপোর্ট পেতে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার জিবি হাসপাতালে এমনই একাধিক রোগীর অভিযোগ সামনে আসে। তাঁদের দাবি, চিকিৎসকের পরামর্শে এমআরআই পরীক্ষা করানোর পরও দিনের পর দিন রিপোর্ট হাতে না পাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা যাচ্ছে না। নির্ধারিত দিনে রিপোর্ট সংগ্রহ করতে হাসপাতালে এলেও বিভিন্ন অজুহাতে খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

রোগীদের বক্তব্য, রিপোর্টের অপেক্ষায় শুধু চিকিৎসাই বিলম্বিত হচ্ছে না, বারবার হাসপাতালে আসা-যাওয়ার কারণে সময় এবং অর্থ—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের দুর্ভোগ আরও বেশি বলে জানান তাঁদের পরিজনেরা। শুধু এমআরআই বিভাগ নয়, হাসপাতালের অন্যান্য পরিষেবাতেও নানা সমস্যার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছে বলে দাবি রোগীদের। তাঁদের মতে, অভিযোগ জমা পড়লেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের প্রধান সরকারি হাসপাতালের পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন রোগী ও সাধারণ মানুষ। দ্রুত এমআরআই রিপোর্ট প্রদান এবং স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য