ডিজিপি ইস্যুতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে সিলমোহর দিল বিজেপি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক রঞ্জিত দাস জানান ,স্বাধীনভাবে তদন্ত চলছে ।তদন্তেই গোটা বিষয়টি বেরিয়ে আসবে।
প্রয়াত প্রাক্তন পুলিশ মহা নির্দেশকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিরোধী দলগুলি উচ্চ আদালতের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যেই সিপিআইএম দল এবং দলের পরিষদীয় দল রাজ্যপালের পিছে দেখা করে স্মারকলিপি প্রদান করেছে। প্রদেশ কংগ্রেসও এই দাবীর সমর্থনে জোড় আওয়াজ তুলেছে ।এই অবস্থায় ডিজিপি ইস্যুতে বিরোধী দলগুলোকে কোন ঠাসা করতে মাঠে নামল শাসক দল বিজেপি। সোমবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে এক হাত নেন বিধায়ক রঞ্জিত দাস ।সাংবাদিক সম্মেলনে তিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের পূর্বেকার বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন ।তিনি বলেন বিরোধী দল গুলি ডিজিপি ইসুতে রাজ্যবাসীকে বিভ্রান্ত করতে চাইছে। বিধায়ক জানান ,ডিজিপির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দুঃখজনক ।এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সৎ সাহস রয়েছে। তিনি আরো বলেন ,কোন দুর্নীতি অপশাসন বা ন্যাক্কার জনক ঘটনাকে সরকার কখনোই বরদাস্ত করেনা । তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান বিধায়ক রঞ্জিত দাস ।তিনি আরো জানান এই তদন্তেই প্রকৃত ঘটনা উঠে আসবে।
সাংবাদিক সম্মেলনে বাম সরকারের আমলে বর্তমান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর বিভিন্ন কার্যকলাপের প্রসঙ্গ তুলে ধরেন বিজেপি বিধায়ক রঞ্জিত দাস ।সম্প্রতি দক্ষিণ জেলায় জেলা পুলিশ সুপারের সাথে বিরোধী দলনেতার মন্তব্য তুলে ধরেন তিনি ।একই সাথে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের পূর্বেকার বিভিন্ন কার্যাবলীর কথাও তিনি তুলে ধরেন।



