ত্রিপুরা ট্রাইবেল কাস্টমারি ল কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে সোমবার রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের কাস্টমারি ল (প্রথাগত আইন)-এর সরকারি স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রী ও ত্রিপুরা উপজাতি এলাকাসমূহের স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) মুখ্য কার্যনির্বাহী সদস্যের (সিইএম) কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ গঠনের পর থেকেই বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের অন্যতম প্রধান দাবি ছিল তাদের নিজস্ব কাস্টমারি ল-এর সরকারি অনুমোদন। কিন্তু দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শুধুমাত্র জমাতিয়া সম্প্রদায়ের কাস্টমারি ল সরকারি স্বীকৃতি পেয়েছে। অন্যান্য জনজাতি সম্প্রদায়ের প্রথাগত আইন এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার এবং টিটিএএডিসি প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি উত্থাপন করা হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিভিন্ন জনজাতির সামাজিক রীতি-নীতি, প্রথাগত বিচার ব্যবস্থা এবং সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের স্বার্থে কাস্টমারি ল-এর স্বীকৃতি এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ত্রিপুরা ট্রাইবেল কাস্টমারি ল কো-অর্ডিনেশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার টিটিএএডিসি সদর দপ্তরে মুখ্য কার্যনির্বাহী সদস্যের উদ্দেশ্যে এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পৃথক স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক শান্তি বিকাশ চাকমা এবং যুগ্ম আহ্বায়ক বীরেন্দ্র ত্রিপুরা। তাঁদের দাবি, রাজ্যের সকল জনজাতি সম্প্রদায়ের কাস্টমারি ল-কে আইনি স্বীকৃতি দিয়ে দ্রুত কার্যকর করার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টির দ্রুত সমাধানে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।



