ANCHOR – ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের কাস্টমারি আইন কার্যকরের দাবিতে আগামী ২৭ জুলাই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবে ত্রিপুরা উপজাতি কাস্টমারি ল’ কমিটি। রাষ্ট্রীয় শোকের কারণে নির্ধারিত কর্মসূচি স্থগিত রাখলেও শুক্রবার জগন্নাথ বাড়ি পার্কের সামনে সাংবাদিক বৈঠক করে তাদের দাবি ও ভবিষ্যৎ কর্মসূচির কথা জানায় সংগঠন।
VOICE – ত্রিপুরা উপজাতি কাস্টমারি ল’ কমিটির উদ্যোগে শুক্রবার আগরতলার জগন্নাথ বাড়ি পার্কের সামনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি—কাস্টমারি আইনকে যথাযথ স্বীকৃতি ও কার্যকর করার লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল। কিন্তু রাজ্যে ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তারা জানান, আগামী ২৭ জুলাই মুখ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে একটি ডেপুটেশন প্রদান করা হবে। সেই ডেপুটেশনে আদিবাসী সমাজের প্রথাগত আইন, সামাজিক রীতি-নীতি, ভূমি, উত্তরাধিকার এবং সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন অধিকার সংরক্ষণের দাবিগুলি তুলে ধরা হবে। সংগঠনের নেতৃত্বের দাবি, কাস্টমারি আইন আদিবাসী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই আইনকে আইনি স্বীকৃতি ও কার্যকর বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের ইতিবাচক উদ্যোগ প্রয়োজন। এদিন সাংবাদিকদের সামনে তারা জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চান তারা। তবে দাবি পূরণে প্রয়োজন হলে আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এখন ২৭ জুলাইয়ের নির্ধারিত ডেপুটেশনের পর এই দাবির বিষয়ে রাজ্য সরকারের অবস্থান কী হয়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।



