দেশের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা মূল্যায়ন ও স্বীকৃতি প্রদানকারী সংস্থা ‘এডুকেশন ওয়ার্ল্ড’-এর মূল্যায়নে দেশের সেরা ২০টি স্কুলের তালিকায় স্থান করে নিল আগরতলার বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। পরপর তিন বছর ধরে দেশের শীর্ষস্থানীয় স্কুলগুলির তালিকায় স্থান অর্জন করে শিক্ষাক্ষেত্রে নিজেদের ধারাবাহিক সাফল্যের নজির গড়ল এই শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত দুই বছরে জাতীয় স্তরের এই মূল্যায়নে বিদ্যালয়টির স্থান ছিল যথাক্রমে ২২ ও ২৩। চলতি বছরে আরও উন্নতি করে দেশের মধ্যে ২০তম স্থান অর্জন করেছে বিদ্যালয়টি। সিবিএসই (CBSE), আইসিএসই (ICSE) এবং দেশের কয়েকটি রাজ্য শিক্ষা পর্ষদের অধীনস্থ বালক দিবা বিদ্যালয়গুলির বিভাগে এই স্বীকৃতি পেয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এই সাফল্যের জন্য শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদকেই প্রধান কৃতিত্ব দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানানো হয়েছে, এই স্বীকৃতি বিদ্যালয়ের আগামী দিনের শিক্ষামূলক কর্মকাণ্ডকে আরও অনুপ্রাণিত করবে।
এদিকে, বিদ্যালয়টির আরও একটি উল্লেখযোগ্য পরিচয় রয়েছে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, সমগ্র উত্তর-পূর্ব ভারতের মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরই একমাত্র বিদ্যালয়, যা ইউনেস্কোর অ্যাসোসিয়েটেড স্কুলস নেটওয়ার্ক (ASPnet)-এর অন্তর্ভুক্ত বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। পরপর তিন বছর দেশের সেরা স্কুলগুলির তালিকায় স্থান অর্জন এবং চলতি বছরে ২০তম স্থানে উঠে আসার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বিদ্যালয়-সংশ্লিষ্ট মহল। আগামী দিনেও শিক্ষার উৎকর্ষ বজায় রেখে আরও সাফল্য অর্জনের লক্ষ্যে সকলের আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আগরতলার এই শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয় স্তরের স্বীকৃতি ত্রিপুরার শিক্ষা জগতের জন্যও একটি উল্লেখযোগ্য প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।



