Thursday, June 25, 2026
বাড়িখবররাজ্যনারী নির্যাতনের বিরুদ্ধে ডি.জি.পি-র দপ্তরে ডেপুটেশন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নারী নির্যাতনের বিরুদ্ধে ডি.জি.পি-র দপ্তরে ডেপুটেশন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ ও নারীদের উপর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার পুলিশ মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল গণতান্ত্রিক নারী সমিতি। ডি.জি.পি অনুপস্থিত থাকায় আইজি (আইন-শৃঙ্খলা) সংগঠনের স্মারকলিপি গ্রহণ করেন।

রাজ্যে নারী নির্যাতন ও নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক নারী সমিতি। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য নেতৃত্ব ও সদস্যরা আগরতলায় পুলিশ মহা নির্দেশকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডি.জি.পি-র নিকট একটি ডেপুটেশন প্রদান করেন।

সংগঠনের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, শারীরিক হেনস্থা, ধর্ষণ এবং গার্হস্থ্য সহিংসতার একাধিক ঘটনা ঘটলেও বহু ক্ষেত্রেই দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। ফলে অপরাধীদের মধ্যে আইনের ভয় কমে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হচ্ছে।

ডি.জি.পি অনুপস্থিত থাকায় আইজি (আইন-শৃঙ্খলা) সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। ডেপুটেশনে বিশেষভাবে টাকারজালার নির্যাতিত মহিলার ঘটনার উল্লেখ করে সংগঠন দাবি জানায়, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

পাশাপাশি গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে দাবি তোলা হয়, রাজ্যের সকল নির্যাতিত নারীকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে হবে এবং চিকিৎসার জন্য যাতে কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নারী নির্যাতনের ঘটনায় শুধুমাত্র মামলা দায়ের করলেই চলবে না, অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা এবং পুনর্বাসনের বিষয়েও সরকারকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারী নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর দাবিতে স্লোগান দেন। সংগঠনের হুঁশিয়ারি, নারী নির্যাতনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য