বাঙালির চিরাচরিত ঐতিহ্য মেনে জৈষ্ঠ্য মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হলো জামাইষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় প্রতিবছরের মতো এবারও ভোর থেকেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভিড় জমালেন মায়েরা। এরই ছবি ধরা পড়ল আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে। সকাল হতেই মন্দির প্রাঙ্গণে উপচে পড়ে ভক্তদের ভিড়। বিশেষ করে বহু মা ও গৃহিণী তাঁদের সন্তান ও পরিবারের সুখ-সমৃদ্ধি কামনায় পূজা অর্চনা করেন।
জানা যায়, সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী জৈষ্ঠ্য মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজা করা হয়। এই দিনেই পালিত হয় জামাইষষ্ঠী, যা বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রচলিত নিয়ম অনুযায়ী, ষষ্ঠী পূজার পর মায়েরা তাঁদের মেয়ে ও জামাইয়ের কপালে ফোঁটা দেন এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে তাঁদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথা আজও সমানভাবে পালিত হচ্ছে। মন্দিরে আসা ভক্তদের মতে, আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলালেও এই ধরনের ঐতিহ্যবাহী উৎসব এখনও মানুষের আবেগ ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করেন, যেন পরিবারের সকল সদস্য সুস্থ, সুখী ও সমৃদ্ধ থাকেন।
এদিকে মন্দিরের পুরোহিত জানান, এ বছর ষষ্ঠী জৈষ্ঠ্য মাসেই পড়েছে, মল মাসে নয়। তিনি আশা প্রকাশ করেন, এই শুভ দিনে ভগবানের আশীর্বাদে সকলের জীবনে শান্তি ও মঙ্গল বয়ে আসবে।জামাই থেকে শুরু করে সন্তানদের জীবনে উন্নতি ও সাফল্য কামনায় এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আনন্দ ও ধর্মীয় আবহে পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী উৎসব।



