Friday, July 24, 2026
বাড়িখবররাজ্যবিদ্যাসাগর বাজারে জলাবদ্ধতা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সাংসদ রাজীব ভট্টাচার্যের

বিদ্যাসাগর বাজারে জলাবদ্ধতা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সাংসদ রাজীব ভট্টাচার্যের

বর্ষাকালে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি থেকে বিদ্যাসাগর বাজার এবং সংলগ্ন এলাকাকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার ১৩ প্রতাপগড় বিধানসভা এলাকার বিদ্যাসাগর বাজার পরিদর্শনে গিয়ে এই আশ্বাস দেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যাসাগর বাজার। এই এলাকার পাশ দিয়েই যোগেন্দ্রনগর রেল স্টেশনের সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। কিন্তু প্রতি বর্ষায় জলাবদ্ধতা ও বন্যার সমস্যায় চরম দুর্ভোগে পড়তে হয় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, বনকুমারী এলাকা থেকে আসা একটি পাকা নর্দমা বিদ্যাসাগর বাজারের পাশ দিয়ে হাওড়া নদীতে মিশেছে। বর্ষাকালে নদীর জলস্তর বেড়ে গেলে সেই জল উল্টো পথে নর্দমা দিয়ে প্রবেশ করে বাজার ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

স্থানীয় মানুষের আবেদনের ভিত্তিতে রবিবার বিদ্যাসাগর বাজার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় মণ্ডল সভানেত্রী, স্থানীয় কর্পোরেটর এবং দলীয় নেতৃত্ব। পরিদর্শনের সময় সাংসদ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে তাঁর সাংসদ তহবিল থেকেও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে রাজ্য সরকার সর্বদা আন্তরিক এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার নেতৃত্বে উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।

দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধানে সাংসদ রাজীব ভট্টাচার্যের আশ্বাসে আশাবাদী হয়ে উঠেছেন বিদ্যাসাগর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বর্ষাকালে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি মিলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য