আগরতলার মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাজার কমিটির কয়েকজন পদাধিকারীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজধানীর ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাজারের সুলভ শৌচাগারের পেছনের একটি খালি জায়গা অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাজার কমিটির দুই সম্পাদক এবং অপর এক পদাধিকারীর বিরুদ্ধে।
জানা গেছে, পূর্বে ব্র্যান্ড নিউ মার্কেট এলাকার কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার জন্য আগরতলা পুর নিগম ওই জায়গাটি ব্যবহার করতে দিয়েছিল। পরবর্তীতে তারা নিজ নিজ স্থানে ফিরে গেলে জায়গাটি খালি পড়ে থাকে। অভিযোগ, এরপর মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ, পাইকারি ব্যবসায়ী সমিতির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহ-সভাপতি হরিহর দেবনাথ মিলে ওই সরকারি জায়গার দুটি অংশ ব্যক্তিগতভাবে বিক্রি করে দেন। অভিযোগ অনুযায়ী, একটি ঘর প্রায় ২০ লক্ষ টাকায় এবং অপরটি ১২ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে।
সম্প্রতি সেখানে স্থায়ী দালান নির্মাণের কাজ শুরু হলে বিষয়টি বাজারের কেন্দ্রীয় কমিটির নজরে আসে। এরপর তারা নির্মাণকাজে বাধা দেন এবং সংবাদমাধ্যমকে পুরো বিষয়টি জানান। কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রশ্ন, সরকারি জায়গা কীভাবে ব্যক্তিগতভাবে বিক্রি করা হলো এবং কোন ভিত্তিতে ক্রেতাদের কাছে মালিকানার দাবি করা হচ্ছে। তারা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, শুধু মহারাজগঞ্জ বাজার নয়, দুর্গাচৌমুহনী বাজারের অস্থায়ী কমিটির বিরুদ্ধেও সরকারি জায়গা দখল ও স্থায়ী নির্মাণের অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। সরকারি সম্পত্তি নিয়ে ওঠা এই গুরুতর অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে আগরতলা পুর নিগম ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। এখন দেখার বিষয়, অভিযোগের তদন্তে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং সরকারি সম্পত্তি রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়।



