ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গৌরবময় উপস্থিতিতে অনুষ্ঠিত হলো তাজ পুষ্পবন্ত প্যালেস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।
রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে শুক্রবার ঐতিহাসিক পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে তাজ পুষ্পবন্ত প্যালেস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হওয়ায় অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মথা সুপ্রিম প্রদ্যোৎ কিশোর দেববর্মন, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিপুরার পর্যটন মানচিত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং কর্মসংস্থানেরও নতুন সুযোগ সৃষ্টি হবে। ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্যালেসকে ঘিরে গড়ে ওঠা এই প্রকল্প রাজ্যের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক আতিথেয়তা শিল্পের এক অনন্য মেলবন্ধন ঘটাবে বলেও আশা প্রকাশ করা হয়।
তাজ পুষ্পবন্ত প্যালেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ত্রিপুরার পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এই প্রকল্প রাজ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।



