প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল বিজেপি মহিলা মোর্চা। সরকারের মহিলা কল্যাণমূলক প্রকল্প জনসম্মুখে তুলে ধরা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী দিনে প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি হতে চলেছে। এই দীর্ঘ সময়ে দেশের মহিলাদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে, সেগুলি জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসল বিজেপি মহিলা মোর্চা। রবিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব। বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূলত কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরা এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও সুসংহত করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বে গত ১২ বছরে দেশের মহিলাদের সার্বিক উন্নয়নে বহু যুগান্তকারী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি জানান, এই প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আগামী দিনে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে মহিলা মোর্চার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে বিশেষ পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। নেতৃত্বের দাবি, মহিলাদের মধ্যে সংগঠনের প্রসার ঘটিয়ে আগামী দিনে আরও বৃহত্তর জনসংযোগ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বৈঠককে ঘিরে দলীয় নেতৃত্বের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



