বুধবার থেকে অনলাইনের মাধ্যমে শুরু হল জেলা ভিত্তিক “মুখ্যমন্ত্রী সমীপেষু” অনুষ্ঠান। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ধলাই জেলার ৩৫ জনের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী Manik Saha। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
রাজ্যে জনসংযোগ আরও সুদৃঢ় করতে এবং প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যার সরাসরি সমাধানে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার।
“মুখ্যমন্ত্রী সমীপেষু”-র ৬৬তম পর্বে বুধবার থেকে শুরু হল জেলা ভিত্তিক অনলাইন সংস্করণ। এই উদ্যোগের জন্য আগেই প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী Manik Saha। সেই অনুযায়ী প্রথম দিনে ধলাই জেলার ৩৫ জন বাসিন্দার সঙ্গে সরাসরি অনলাইনে কথা বলেন তিনি। এদের মধ্যে ৩০ জনই ছিলেন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চিকিৎসা, শিক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আবেদন জানান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, অনুষ্ঠানে ধলাই জেলার জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে আগরতলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব Kiran Gitte সহ স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণত আগরতলায় আয়োজিত মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠানে শহর ও শহরতলির মানুষই বেশি অংশ নেন। জেলার মানুষ তুলনামূলকভাবে কম সুযোগ পান।
জেলা ভিত্তিক এই অনলাইন উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার মানুষ সরাসরি নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন এবং দ্রুত সমাধানও সম্ভব হবে। এই নতুন ব্যবস্থাকে “একটি নতুন দিগন্ত” বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী। এদিন ধলাই জেলার অংশগ্রহণকারীরা মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, আগরতলা থেকেও দু’জন এদিন স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



