রাজ্যে বাড়ছে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা। এবার দিনের আলোতেই বৃদ্ধার বাড়িতে ঢুকে থালা-বাসন পরিষ্কারের অজুহাতে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠল বিহারের দুই যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে অভিযুক্তরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনগর থানার অন্তর্গত এডিসি ভিলেজ এলাকায়।
বুধবার দুপুরে শ্রীনগর থানার অন্তর্গত এডিসি ভিলেজের টেলরবন এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। অভিযোগ, বিহারের দুই যুবক থালা-বাসন পরিষ্কার করার কথা বলে বৃদ্ধা রাধারানী দেববর্মার বাড়িতে প্রবেশ করে। সেই সময় বাড়িতে কোনও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। সুযোগ বুঝে অভিযুক্তরা বৃদ্ধার গলা থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালিয়ে যায়।
ঘটনার পর বৃদ্ধার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে কাঞ্চনমালা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের খবর দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত তৎপর হয়ে ওঠেন এবং বাজার এলাকায় নজরদারি শুরু করেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই যুবক দ্রুতগতিতে বাইক নিয়ে কাঞ্চনমালা বাজারে ঢুকতেই স্থানীয়রা তাদের আটক করেন। পরে গণধোলাই দিয়ে দু’জনকে আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ছিনতাই হওয়া সোনার চেইনটি উদ্ধার করেছে। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিআর-৩৯-এএইচ-৮৩৫০ নম্বরের একটি বাইকও জব্দ করা হয়েছে।
বুধবার বিকেলে বৃদ্ধার ছেলে পরিমল দেববর্মা অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের নাম পবন কুমার এবং নীতিশ কুমার। তাদের বাড়ি বিহারের কাটিহার জেলায়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত কয়েকদিন ধরেই আমতলী বড়ইটিলা ও শিববাড়ি এলাকায় একই কৌশলে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল এই চক্র। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার ধৃত দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।



