মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি। আহত ব্যক্তির নাম বিকাশ চক্রবর্তী। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজার সংলগ্ন লোটাস ক্লাবের সামনে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।আহত ব্যক্তির নাম বিকাশ চক্রবর্তী। বয়স আনুমানিক ৫২ বছর।
জানা গেছে, সোমবার সকালে সাইকেল চালিয়ে বাজার করতে মহারাজগঞ্জ বাজারে আসছিলেন তিনি। লোটাস ক্লাবের সামনে পৌঁছতেই আচমকাই সাইকেল থেকে রাস্তায় পড়ে যান। প্রথমে স্থানীয়দের অনুমান ছিল, হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনে।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। সাইকেল থেকে পড়ে মাথা, কপাল ও চোখে গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় ঠিকমতো কথা বলতে না পারায় তাঁর বাড়ির ঠিকানা জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দমকল কর্মীরা। বর্তমানে জিবি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত দমকল কর্মীদের তৎপরতায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো সম্ভব হয়।



