রাজধানীতে নেশা কারবারের পাশাপাশি এবার ছিনতাই কাণ্ডেও মহিলাদের জড়িত থাকার ঘটনা সামনে আসছে। সাম্প্রতিক এক ঘটনায় ইন্দ্রনগর এলাকা থেকে এক মহিলার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগে এনসিসি থানার পুলিশ এক মহিলা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল দুপুরে ইন্দ্রনগর এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত দুই যুবক ও এক যুবতী দীর্ঘক্ষণ রাস্তার ধারে অপেক্ষা করছিল। সেই সময় এক পথচারী মহিলার সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়ে যুবতীটি। সুযোগ বুঝে সঙ্গে থাকা এক যুবক আচমকা ওই মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনিয়ে নেয়। এরপর তিনজন দ্রুত একটি অটোরিকশায় চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে পালানোর সময় অটোর নম্বর (TR-01-M-9309) দেখে ফেলেন ভুক্তভোগী মহিলা। পরবর্তীতে তিনি এনসিসি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। থানার ওসির নির্দেশে অভয়নগর আউটপোস্টের ওসি জয়নাল হোসেনের নেতৃত্বে তদন্ত শুরু হয়। অটোর নম্বরের সূত্র ধরে প্রথমে গাড়িটি আটক করা হয় এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ভিত্তিতেই ধরা পড়ে তিন অভিযুক্ত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রামু চক্রবর্তী (এডি নগর), শুভমিতা দে (৭৯ টিলা) এবং গৌড় সাহা (পূর্ব চানমারি)। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে জানা যায়, ছিনতাই করা স্বর্ণের হারটি রাজধানীর একটি জুয়েলারি দোকানে বিক্রি করা হয়েছে। পরে পুলিশ সেই দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়।
এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, অভিযুক্তদের মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যবহৃত অটোরিকশাটিও আটক করা হয়েছে। তারা কোনও বড় ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে তোলা হবে। পাশাপাশি অটোর চালক এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনার পর রাজধানীতে ক্রমবর্ধমান ছিনতাই প্রবণতা এবং তাতে মহিলাদের অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন নাগরিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।



