পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ত্রিপুরায় এসে মাতাবাড়িতে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার তিনি ত্রিপুরেশ্বরী মন্দির-এ উপস্থিত হয়ে দেশবাসীর মঙ্গল কামনায় পূজা অর্চনা করেন।
পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মানুষ এবার বুঝতে পেরেছে তাদের নিরাপত্তা কোথায় রয়েছে।” পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কে তীব্র সমালোচনা করেন।
বিপ্লব কুমার দেবের অভিযোগ, “মমতা ব্যানার্জি একজন উশৃঙ্খল মহিলা। তিনি একজন নারী হয়েও নারীর সম্মান রক্ষা করতে পারেন না।” তিনি আরও দাবি করেন, রাজ্যে সাংবিধানিক নিয়ম মানা হয় না এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার মতে, এই কারণেই পশ্চিমবঙ্গে তাদের পরাজয় নিশ্চিত ছিল।
এদিন তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে তার উপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল, তা তিনি সহকর্মীদের সঙ্গে নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।



