Thursday, June 4, 2026
বাড়িখবররাজ্যত্রিপুরায় ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠনের দাবি জোরালো, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তিপ্রা মথা নেতৃত্বের

ত্রিপুরায় ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠনের দাবি জোরালো, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তিপ্রা মথা নেতৃত্বের

ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্যের পর ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠনের দাবিতে সরব হলো তিপ্রা মথা। এই দাবিকে সামনে রেখে শনিবার লোকভবনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) পূর্ণচন্দ্র জমাতিয়া, বিজয়ী প্রার্থী রুনিয়েল দেববর্মা এবং সি কে জমাতিয়া।

সম্প্রতি অনুষ্ঠিত এডিসি নির্বাচনে তিপ্রা মথা পার্টি বিরাট জয় লাভ করে। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতে জয় পেয়ে বিজেপিকে কার্যত কোণঠাসা করে দেয় তারা। এই ফলাফলে গতবারের তুলনায় তিপ্রা মথার আসন সংখ্যা বেড়েছে, অন্যদিকে বিজেপির আসন কমেছে উল্লেখযোগ্যভাবে। মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠনের দাবিতে রাজ্যপালের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। রাজ্যপাল শীঘ্রই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করবেন এবং বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জেলা পরিষদ গঠনের পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিনি রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের নিজের পছন্দমতো ভোট দেওয়ার অধিকার রয়েছে। যারা সিপিএম বা বিজেপিকে ভোট দিয়েছেন, তারা শত্রু নন। বরং দেশের প্রকৃত শত্রু বাইরের শক্তি। নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে পার্শ্ববর্তী শক্তিগুলি তার সুযোগ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন।

রাজনৈতিক মহলে এই সাক্ষাৎ এবং তিপ্রা মথার অবস্থান নতুন করে গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য