সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের পর আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। ১৫ নং জিরানীয়া আসনের বিজেপির বিজিত প্রার্থী অভিজিৎ দেববর্মার বাসভবনে গতকাল গভীর রাতে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গভীর রাতে একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে তার বাড়িতে আক্রমণ চালায়। এই ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের শারীরিক ক্ষতির খবর মেলেনি, তবে ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। তারা অভিজিৎ দেববর্মার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পুরো ঘটনার খোঁজখবর নেন।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি এলাকাবাসীর কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে।



